২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার দাবায় শীর্ষে শেখ রাসেল

প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে খেলতে এসে চমক উপহার দিয়েই যাচ্ছে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। অজেয় দলটি চতুর্থ রাউন্ড শেষে সাত পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 09:01 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

জাতীয় ক্রীড়া পরিষদে বুধবার চতুর্থ রাউন্ডে নারায়ণগঞ্জের দল প্রিতম-প্রিজম চেস ক্লাবকে ৩.৫-০.৫ পয়েন্টে হারায় শেখ রাসেল। চলতি আসরে এটি তাদের তৃতীয় জয়।

শেখ রাসেলের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার দিপতায়ন ঘোষ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ যথাক্রমে প্রিতম-প্রিজমের অনতা চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম হোসেন ও আসাদুজ্জামানকে হারান। মোকাদ্দেসুর রহমান খান- গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার মধ্যে দুই দলের অন্য ম্যাচটি ড্র হয়।

গতবারের চ্যাম্পিয়ন নৌবাহিনী দাবা দল ২.৫-১.৫ পয়েন্টে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে। নৌবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।

নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে গোল্ডেন স্পোর্টিংয়ের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও শ্রী জিৎ পলের বিপক্ষে জয় পান। তবে নৌবাহিনীর অপর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব গোল্ডেন স্পোর্টিংয়ের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর কাছে হেরে যান। দুই দলের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও প্রান্তিক রায় পয়েন্ট ভাগাভাগি করেন।

চতুর্থ রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল ৩-১ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে হারিয়েছে।