বেনফিকাকে হারিয়ে গ্রুপ সেরা আতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট আগেই পেয়েছিল আতলেতিকো মাদ্রিদ ও বেনফিকা। শীর্ষস্থানের জন্য দুই দলের লড়াইয়ে জিতেছে দিয়েগো সিমেওনের আতলেতিকো।
মঙ্গলবার রাতে গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় স্পেনের দলটি।
এই জয়ে প্রথম পর্বে হারের প্রতিশোধও নেওয়া হলো আতলেতিকোর। গত ৩০ সেপ্টেম্বর আতলেতিকোর মাঠে ২-১ গোলে জিতেছিল বেনফিকা।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ৩৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সাউলের গোলে এগিয়ে যায় আতলেতিকো। আর ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েতো।
৭৫তম মিনিটে গ্রিক স্ট্রাইকার কন্সতান্তিনোস মিত্রোগ্লু ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিলেও ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপদের জয়ের পথে বাধা হতে পারেনি স্বাগতিকরা।
এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান পেল আতলেতিকো। রানার্সআপ বেনফিকার পয়েন্ট ১০।
গ্রুপের অন্য ম্যাচে এফসি আস্তানার সঙ্গে ১-১ গোলে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারাই।
