রদ্রিগেসের সঙ্গে ঝামেলার খবর উড়িয়ে দিলেন বেনিতেস
হামেস রদ্রিগেসের সঙ্গে রাফায়েল বেনিতেসের সম্পর্ক ভালো নয় বলে খবর বেরিয়েছিল কয়েকটি পত্রিকায়। তবে রিয়াল মাদ্রিদ কোচ সেটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
দলের তারকা মিডফিল্ডার রদ্রিগেসের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক বলেই জানিয়েছেন বেনিতেস।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করে রিয়াল মাদ্রিদে যোগ দেন রদ্রিগেস। প্রথম মৌসুমে ক্লাবের হয়েও ভালো খেলেন কলম্বিয়ার এই মিডফিল্ডার। কিন্তু এই মৌসুমে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
ঊরুর চোটের কারণে প্রায় দুই মাস বাইরে থাকার পর সম্প্রতি মাঠে ফেরেন রদ্রিগেস। তবে এখনও মূল দলে নিয়মিত হতে পারেননি তিনি। এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগার মাত্র ৩টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়। আর চ্যাম্পিয়ন্স লিগে তো সুযোগই পাননি।
