হালকে হারিয়ে লিগ কাপের সেমিতে ম্যান সিটি
কেভিন ডি ব্রুইনের জোড়া গোলে হাল সিটিকে হারিয়ে লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সাত মৌসুমে এই নিয়ে চতুর্থবার প্রতিযোগিতাটির শেষ চারে জায়গা করে নিল তারা।
নিজেদের মাঠে গত মঙ্গলবার হাল সিটিকে ৪-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের পাঁচটি গোলের চারটিই হয় শেষ ১০ মিনিটে।
কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) স্ট্রাইকার উইলফ্রেদ বনির গোলে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ২০১৪ সালে লিগ কাপের শিরোপা জেতা সিটি।
৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ার স্ট্রাইকার কেলেচি ইহেয়ানাচো। ডি ব্রুইন তার গোল দুটি পান ৮২ ও ৮৭তম মিনিটে।
৯০তম মিনিটে হাল সিটির ব্যবধান কমানো গোলটি করেন অ্যান্ড্রু রবার্টসন।
মঙ্গলবার রাতে অন্য ম্যাচে শেফিল্ড ওয়েন্সডেকে ২-০ গোলে হারিয়ে ১৯৭২ সালে শিরোপা জয়ের পর এই প্রথমবারের মতো লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে স্টোক সিটি।
শেষ চারে জায়গা করে নিতে মিডলসবরোকে একই দিন ২-০ গোলে হারায় এভারটন।
