২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার প্রতিশ্রুতি কোচের

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শক্তি, সামর্থ্য জানা থাকায় বড় স্বপ্ন দেখতে চাইছেন না ফাবিও লোপেজ। তবে বাংলাদেশের কোচ প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলবে তার শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 06:27 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হবে দুই দল। বিকাল সাড়ে পাঁচটায় মাঠে গড়াবে ম্যাচটি।
 
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপের চারটি আসরে খেলা ও এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে তাই শুধু ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন লোপেজ।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সোমবারের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই ইতালিয়ান কোচ বলেন, “এই দলটাকে আমি ৫/৬ সপ্তাহ ধরে অনুশীলন করাচ্ছি। তবে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ভালো খেলার জন্য আমরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।”
 
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮০তম) চেয়ে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া (৬০তম)। বাছাই পর্বে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অতিথিরা। 
 
বাছাইয়ে আগে খেলা পাঁচ ম্যাচে চার জয় ও একটি হার অস্ট্রেলিয়ার। ‘বি’ গ্রুপে শীর্ষে থাকা জর্ডানের কাছে কেবল হেরেছিল তারা। 
 
বাংলাদেশ এখনও জয়ের স্বাদ পায়নি। পাঁচ ম্যাচের মধ্যে নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র করাই মামুনুলদের এখন পর্যন্ত একমাত্র পাওয়া।
 
লোডভিক ডি ক্রুইফের বিদায়ে জাতীয় দলের কোচ হওয়ার পর লোপেজ এখনও কোনো সাফল্য এনে দিতে পারেননি। তার অধীনে খেলা দুই ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ; প্রথমটি কিরগিজস্তানের মাঠে (২-০), দ্বিতীয়টি তাজিকিস্তানের মাটিতে (৫-০)।
 
বাছাই পর্বে দুই দলের পরিসংখ্যানের পার্থক্য থাকলেও অস্ট্রেলিয়াকে পুরোপুরি অজেয় মনে করছেন না লোপেজ। সংবাদ সম্মেলনের শেষ দিকে এসে তাই প্রতিপক্ষকে সমীহ করেই বললেন, “আমি জিততে চাই। কিন্তু অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল।”