আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ: হামেস
চোটের কারণে লিওনেল মেসি ও সের্হিও আগুয়েরো বাইরে থাকলেও আর্জেন্টিনার শক্তি কমেনি বলে মনে করেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেস।
রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের মতে, বিশ্বসেরা ফুটবলার মেসি ও আক্রমণভাগের আরেক তারকা আগুয়েরোর অনুপস্থিতিতেও আর্জেন্টিনা সব সময়ের মতোই শক্তিশালী দল। তাদের হারাতে হলে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।
“মেসি কিংবা আগুয়েরো খেলবে না, কিন্তু তারপরও তাদের দারুণ একটা দল আছে।”
মেসি-আগুয়েরোর মতো চোটের কারণে কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারবেন না কার্লোস তেভেসও। প্রতিপক্ষের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ তিন তারকা নেই, কিন্তু তাতেও এতটুকু স্বস্তি মিলছে না সম্প্রতি ঊরুর চোট কাটিয়ে ফেরা রদ্রিগেসের।
