ইতালিতে শীর্ষে ফিওরেন্তিনা
সেরি আর শীর্ষস্থান দখলের লড়াইটা দারুণ জমে উঠেছে। এবার যেমন শীর্ষস্থান হারানোর এক সপ্তাহ পর আবারও চূড়ায় ফিরেছে ফিওরেন্তিনা।
সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে ফিরতে রোববার রাতে ফিওরেন্তিনা ৪-১ গোলে ফ্রোসিনোনেকে উড়িয়ে দিয়েছে।
এবারই প্রথমবারের মতো ইতালির শীর্ষ লিগ সেরি আয় উঠে আসা ফ্রোসিনোনের জালে প্রথমার্ধেই চারটি গোল করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্তে রেবিচ, আর্জেন্টিনার ডিফেন্ডার গনসালো রদ্রিগেস, সেনেগালের ফরোয়ার্ড হাজি বাবাকার ও স্প্যানিশ মিডফিল্ডার মারিও সুয়ারেস।
শেষ দিকে ফ্রোসিনোনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ইতালির মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্রারা।
১১ রাউন্ড শেষে ফিওরেন্তিনার পয়েন্ট ২৪। ইন্টার মিলানের পয়েন্টও ২৪, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।
গত সপ্তাহে ফিওরেন্তিনাকে পিছনে ফেলে শীর্ষে ওঠা রোমা এই রাউন্ডে নেমে গেছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ২৩। আর গত শনিবার রোমাকে হারিয়েই শীর্ষে উঠে গিয়েছিল ইন্টার।
রোববারের অন্য ম্যাচে জেনোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে নাপোলি।
এছাড়া লাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠ স্থানে আছে এসি মিলান। তাদের পয়েন্ট ১৯।
