গেতাফের মাঠে নেইমার-সুয়ারেসের জাদুর অপেক্ষা
লিওনেল মেসি আর রাফিনিয়া তো সেই কবে থেকেই নেই। আর এবার হাভিয়ের মাসচেরানোকে হারিয়ে কিছুটা খর্বশক্তিরই হয়ে গেছে বার্সেলোনা। তবে কাতালুনিয়ার ক্লাবটির রয়েছে একজন নেইমার, একজন লুইস সুয়ারেস। গেতাফের বিপক্ষে এই দুই ফরোয়ার্ডের জাদু দেখার অপেক্ষায় আছে কাম্প নউয়ের দলটি।
স্পেনের লা লিগার পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ২১ পয়েন্ট রাফায়েল বেনিতেসের দলের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
গেতাফের বিপক্ষে ম্যাচটি বার্সেলোনার জন্য রিয়ালের সঙ্গে তাল মিলিয়ে চলার মিশন। গেতাফের মাঠে লুইস এনরিকের দলের এই মিশন শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায়।
এই ম্যাচের আগে নিজেদের আত্মবিশ্বাসের পালে হাওয়া ভরে নেওয়ার মতো অনেক উপাদানই আছে বার্সেলোনা দলে। সবশেষ চার ম্যাচে অপরাজিত তারা। এ ছাড়া গেতাফের সঙ্গে সবশেষ দেখায় গত এপ্রিলে ৬-০ গোলে জিতেছিল এনরিকের দল।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও একতরফা এগিয়ে বার্সেলোনাই। এ পর্যন্ত ২৬ বারের সাক্ষাতে ১৮ বারই জয় পেয়েছে কাম্প নউয়ের দলটি। আর গেতাফ জিতেছে মাত্র তিনটি ম্যাচে।
বার্সেলোনার জন্য এর চেয়েও বড় দুশ্চিন্তা, দলে বড় সব নামের অনুপস্থিতি। রাফিনিয়া ও মেসির পর চোট ছিটকে ফেলেছে ডিফেন্ডার দগলাসকে।
সাম্প্রতিক সময়ে বার্সেলোনা সবচেয়ে বড় দুঃসংবাদটি পায় এইবারের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে। গত রোববারের সেই ম্যাচে রেফারিকে উদ্দেশ করে ‘বাজে মন্তব্য’ করায় লাল কার্ড দেখেন হাভিয়ের মাসচেরানো। পরে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন বার্সেলোনার এই ডিফেন্ডার।
এত এত নেতিবাচক ঘটনার মধ্যেও গেতাফের বিপক্ষে ম্যাচের আগে একটা সুসংবাদ অবশ্য আছে; চোট কাটিয়ে আগেই অনুশীলনে ফেরা আন্দ্রেস ইনিয়েস্তা প্রস্তুত। তাকে দলে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ এনরিকে।
আরেকটি বিষয় থেকে আত্মবিশ্বাসীও হতে পারে বার্সেলোনা। দলের দুই ফরোয়ার্ড সুয়ারেস আর নেইমার যে রয়েছেন তুঙ্গস্পর্শী ফর্মে।
নেইমার যেন সুয়ারেসের চেয়েও কয়েক ধাপ এগিয়ে আছেন। চোটের কারণে মেসি মাঠের বাইরে চলে যাওয়ার পর এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে বার্সেলোনা। মেসিবিহীন এই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১১ বার বল পাঠায় কাম্প নউয়ের দলটি। এর মধ্যে ১০টি গোলের সঙ্গেই জড়িয়ে আছে নেইমারের নাম। পাঁচটি গোল তিনি নিজে করেন। বাকি পাঁচটি গোল হয়েছে তার সহায়তায়।
চোট আর নিষেধাজ্ঞার কবলে পড়ে শক্তি হারালেও গেতাফের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য জন্য সুয়ারেস আর নেইমারের জাদু দেখার অপেক্ষাতেই আছে গত মৌসুমের স্পেন ও ইউরোপের চ্যাম্পিয়নরা।
