২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপ থেকে বিদায় চেলসি-আর্সেনালের

চেলসির দুর্দশা চলছেই। ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা জোসে মরিনিয়োর দল স্টোক সিটির কাছে টাইব্রেকারে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় সারির লিগের দল শেফিল্ড ওয়েন্সডের কাছ শোচনীয়ভাবে হেরেছে দারুণ ফর্মে থাকা আর্সেনালও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 11:32 AM

Updated : 12 Oct 2022, 04:20 PM

মঙ্গলবার রাতে ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। আর আর্সেন ভেঙ্গারের দলকে ৩-০ গোলে হারিয়ে লজ্জায় ডোবায় ওয়েন্সডে।

নির্ধারিত সময়ই হারের পথে ছিল চেলসি; শেষ সময়ে গোল করে সে যাত্রা জোসে মরিনিয়োর দলকে সমতায় ফিরিয়েছিলেন লোইক রেমি।

অতিরিক্ত সময়ে দশ জনের স্টোক সিটির জালে গোল করতে পারেনি চেলসি। টাইব্রেকারে শেষ পেনাল্টিতে এডেন হ্যাজার্ড গোল করতে না পারায় আর শেষ রক্ষা হয়নি।

অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠে প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই তারকা থিও ওয়ালকট আর অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনকে চোটের কারণ হারায় আর্সেনাল। এরপর তাদের জালে প্রথমার্ধেই দুই গোল দেয় ওয়েন্সডে। বিরতির পরই আরেক গোল হজম করে ম্যাচে আর ফিরতে পারেনি ইপিএলে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ভেঙ্গারের দল।

অন্য ম্যাচে হাল সিটি লেস্টার সিটিকে এবং এভারটন নরিচ সিটিকে হারিয়েছে।