২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ইস্ট বেঙ্গলকে চান জাহিদ

স্পিন ঘর বাজানকে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে ওঠার পর চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড জাহিদ হোসেন জানালেন, শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ হিসেবে ইস্ট বেঙ্গলকে চান তিনি।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:59 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবারের সেমি-ফাইনালে আফগানিস্তানের বাজানকে ৩-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। আগামী বুধবার ইস্ট বেঙ্গল-ঢাকা মোহামেডান ম্যাচের মধ্যে জয়ী দল উঠবে শুক্রবারের ফাইনালে।

বাজানকে হারানোর প্রতিক্রিয়া দিতে এসে ফাইনালের প্রতিপক্ষ নিয়েও কথা বলেন জাহিদ, “ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইস্ট বেঙ্গলকে চাই।”

“ওদের কাছে গ্রুপ পর্বে হেরেছিলাম কিন্তু তাই বলে প্রতিশোধের ব্যাপার নেই। ওই ম্যাচেও আমরা বল পজেশনে এগিয়ে ছিলাম কিন্তু জিততে পারিনি। এবার ফাইনালে ওদের পেলে আগের ম্যাচের ভুলগুলো করব না আমরা”, যোগ করেন তিনি।

আগের ম্যাচে হ্যাটট্রিক করা জাহিদ বাজানের জালে গোল পাননি। তবে প্রতিপক্ষের রক্ষণকে ম্যাচজুড়েই চাপে রাখার কাজটি করেন এই ফরোয়ার্ড। নিজে গোল না পেলেও ইকো স্টিভ ও এলিটা কিংসলে গোল পাওয়ায় খুশি তিনি।

দাপটের সঙ্গে বাজানের বিপক্ষে জয়ের কারণে হিসেবে চট্টগ্রাম আবাহনী কোচ শফিকুল ইসলাম মানিক জানালেন, মিডফিল্ড নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে মাঠে নেমেছিলেন তিনি।

“আমাদের পরিকল্পনা ছিল, ওদেরকে মাঝ মাঠে খেলতে দেব না; কোনো আক্রমণ তৈরি করতে দেব না।”

ইকো-কিংসলে-জাহিদের খেলার প্রশংসা করলেও রক্ষণভাগে রেজাউল করিমের খেলায় বেশি খুশি কোচ, “আমার দৃষ্টিতে রেজা এই টুর্নামেন্টেরই অন্যতম সেরা ডিফেন্ডার।”

ক্লাব কাপের এই আসরে জাহিদ দারুণ আলো ছড়ালেও বিশ্বকাপ বাছাইয়ের জাতীয় দলে ঠাঁই মেলেনি জাহিদের। এ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি এই ফরোয়ার্ড। তবে তার হয়ে কোচ ফাবিও লোপেজকে জবাবটা দিয়ে দেন মানিক।

“সে (লোপেজ) যে কারণ দেখিয়েছে, সেটা ঠিক না। ম্যাচের আগে জাহিদকে আমি বলেছিলাম, (ম্যাচে) করে দেখাও কোচ যেটা বলেছে, সেটা ঠিক না; সে তা করে দেখিয়েছেও।”

জাতীয় দলে খেলার মতো ফিটনেস এবং মানসিক প্রস্তুতি জাহিদের নেই-বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে জাহিদকে বাদ দেওয়ার প্রসঙ্গে এ কথাই বলেছিলেন লোপেজ।