৭ গোলের ম্যাচে চিলির জয়
সাত গোলের রোমাঞ্চকর এক ম্যাচে পেরুকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারাতেই আছে চিলি। কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের জয় এনে দিতে জোড়া গোল করেছেন আলেক্সিস সানচেস। কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে উরুগুয়েও।
পেরুর রাজধানী লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে চিলির পাওয়া জয়টি ৪-৩ গোলে। সানচেস ছাড়াও চিলির পক্ষে জোড়া গোল করেন এদুয়ার্দো ভারগাস।
একই দিন নিজেদের মাঠে উরুগুয়ে কলম্বিয়াকে হারায় ৩-০ গোলে। গোল তিনটি করেন দিয়েগো গদিন, দিয়েগো রোলান ও আবেল এরনান্দেস।
লিমায় স্বাগতিক গ্যালারিকে স্তব্ধ করে ম্যাচের সপ্তম মিনিটেই অতিথি চিলিকে এগিয়ে দেন আর্সেনালের ফরোয়ার্ড সানচেস। ডানপ্রান্ত থেকে মাউরিসিও ইসলার অসাধারণ একটি পাসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।
তিন মিনিট পরই পেরুকে সমতায় ফেরান জেফারসন ফারফান।
ম্যাচে যখন ১-১ গোলে সমতা, তখন লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেরুর ক্রিস্তিয়ান কুয়েভাকে। ১০ জনের এই পেরুই ৩৬তম মিনিটে এগিয়ে যায়। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ফারফান।
প্রথমার্ধের শেষ দিকে তিন মিনিটের মধ্যে ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে দেন চিলির সানচেস আর ভারগাস। ৪১তম মিনিটে ভারগাস দলকে সমতায় ফেরান। অসাধারণ এক পাস দিয়ে গোলটিতে অবদান রাখেন সানচেস। ৪৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে চিলিকে এগিয়ে দেন তিনিই।
যোগ করা সময়ে পেরুর হারের ব্যবধান কমানো গোলটি করেন পাওলো গুয়েররেরো। এই গোলটিতে পেরুর সর্বোচ্চ গোলদাতা তিওফিলো কুবিয়াসের ২৬ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।
চিলি এবারের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারায়। অন্যদিকে পেরুর এটি বাছাই পর্বে টানা দ্বিতীয় হার। আগের ম্যাচটি কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
কলম্বিয়ার বিপক্ষে জয় পেতে উরুগুয়ের পক্ষে গোলের সূচনা করেন গদিন। আগের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে এই নিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত রইল উরুগুয়ে।
আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি। প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে জেরার্দো মার্তিনোর দল। তবে প্রথম ম্যাচে চিলির কাছে হেরে যাওয়া ব্রাজিল বাংলাদেশ সময় বুধবার সকালে ৩-১ গোলে হারায় ভেনেজুয়েলাকে।
