আর্সেনালকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত চেলসির
প্রিমিয়ার লিগে চেলসির কাছে আর্সেনালের টানা ব্যর্থ হওয়ার তালিকাটা আরও লম্বা হলো। উল্টোদিকে, 'প্রিয় প্রতিপক্ষকে' হারিয়ে এবারের লিগে বাজে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আভাস দিয়েছে জোসে মরিনিয়োর দল।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছেন চেলসি।
লিগে চেলসির বিপক্ষে এই ম্যাচের আগে সবশেষ সাতটি সাক্ষাতের চারটিতেই হেরেছিল আর্সেনাল, বাকি তিনটি ড্র হয়।
শনিবারের এই জয়ে মৌসুমের শুরুতে একটি হারের প্রতিশোধও নেওয়া হলো চেলসির। গত ২ অগাস্ট তাদেরকে ১-০ গোলে হারিয়েই এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছিল আর্সেনাল।
শিরোপাপ্রত্যাশী দুই দলের গুরুত্বপূর্ণ লড়াইয়ের পাশে আর্সেনালের গোলরক্ষক পিয়েতর চেকের জন্যও ম্যাচটি ছিল আবেগের। এই মৌসুমেই চেলসি থেকে আর্সেন ভেঙ্গারের দলে যোগ দেন তিনি। এরপর এই প্রথম পুরনো ক্লাবের আঙিনায় ফেরেন চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক। ফেরাটা মোটেই সুখের হয়নি তার।
ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় চেলসি। হাঁটুর চোট কাটিয়ে ফেরা অস্কার ডি বক্সে ঢুকে পড়া দিয়েগো কস্তাকে পাস দেন। স্প্যানিশ এই স্ট্রাইকার বলে পা লাগিয়েছিলেন। কিন্তু একটি দেরি হয়ে যাওয়ায় শটটি যুতসই হয়নি।
দুই মিনিট বাদে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটি পায় চেলসি। সেস ফাব্রেগাসের উঁচু করে বাড়ানো বল গোলমুখে পেয়ে যান বার্সেলোনা থেকে সম্প্রতি আসা স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো, কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন তিনি।
পরের ছয় মিনিটে চেলসি মোট পাঁচবার আক্রমণে যায়, কিন্তু কোনোটাই সাফল্যের মুখ দেখেনি।
প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কাটি খায় আর্সেনাল। আর্সেনালের গাব্রিয়েল পাউলিস্তা ও চেলসির কস্তা বিতণ্ডায় জড়িয়ে পড়ায় দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। এই ঘটনার রেশ ধরে কস্তাকে পা দিয়ে গুঁতো মারায় বহিষ্কার হন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল।
এক জন কম নিয়ে খেলা আর্সেনাল দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে। ফাব্রেগাসের দারুণ ফ্রি কিকে গোলমুখে লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান কিউত জুমা। প্রিমিয়ার লিগে এই ফরাসি ডিফেন্ডারের এটাই প্রথম গোল।
বাকি সময়ে আর্সেনালের রক্ষণে গাব্রিয়েলের অনুপস্থিতি বেশ ভালোই স্পষ্ট হয়ে ওঠে। একের পর এক আক্রমণে তাদের রক্ষণে ক্রমেই চাপ বাড়াতে থাকেন কস্তা, হ্যাজার্ডরা।
৭৯তম মিনিটে আর্সেনালের আরেক জন খেলোয়াড় বহিষ্কার হলে ম্যাচটা তাদের হাত থেকে বলতে গেলে তখনই বের হয়ে যায়। স্বদেশি ফাব্রেগাসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেনের সান্তি কাসোরলা।
দুই জন কম নিয়ে শেষ ১০ মিনিটের অধিকাংশ সময় প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় আর্সেনালকে। তারপরও যোগ করা সময়ে দ্বিতীয় গোল খেয়ে বসে তারা। এডেন হ্যাজার্ডের ডান পায়ের জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
এই জয়ে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত দশম স্থানে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ১০।
