সিটির মাঠে দুর্দান্ত ইউভেন্তুস
সেরি আতে না পারলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করেছে ইউভেন্তুস। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে গতবারের রানার্সআপরা।
ইতিহাদ স্টেডিয়ামে 'ডি' গ্রুপের এই ম্যাচে ইউভেন্তুসের গোল দুটি করেন মারিও মানজুকিচ ও আলভারো মোরাতা। সিটির একমাত্র গোলটি আত্মঘাতী।
মঙ্গলবার রাতে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো সিটি। ইয়াইয়া তুরের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে ঢুকে শটও নিয়েছিলেন রাহিম স্টার্লিং। কিন্তু তার দুর্বল শট ঠেকিয়ে দেন ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
শুরুতেই এগিয়ে যাওয়ার ওই সুবর্ণ সুযোগ নষ্ট করার পর প্রথম ১৫ মিনিটে আরও কয়েকবার আক্রমণে ওঠে সিটি। কিন্তু উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।
তারপর কিছুটা সময় নিজেদের গুছিয়ে নিয়ে বল দখলে রেখে খেলতে থাকে ইউভেন্তুস। তবে সিটির আক্রমণাত্মক ফুটবলের সামনে খুব একটা সুবিধা করতে পারছিল না অতিথিরা।
আট মিনিটের মধ্যে আরও দুটি দারুণ সুযোগ পায় সিটি। কিন্তু নিজেদের ব্যর্থতার কারণে এগিয়ে যেতে পারেনি তারা। প্রথমবার সার্বিয়ার ডিফেন্ডার আলেকসান্দার কোলারভের ফ্রি কিক অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ফাঁকায় পেয়েও গোলপোস্টের উপর দিয়ে বল উড়িয়ে মারেন কোত দি ভোয়ার স্ট্রাইকার উইলফ্রেদ বোনি।
দুই মিনিট পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু এবারও স্টার্লিংয়ের শট দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন বুফ্ফন।
৬৪তম মিনিটে খেলার ধারার বিপরীতে দলকে সমতায় ফেরানোর সুযোগ পান ইউভেন্তুসের পল পোগবা। কিন্তু ডান দিক থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ফরাসি এই মিডফিল্ডার।
খানিক পরেই অবশ্য অসাধারণ এক ক্রসে গোল মিসের হতাশা কাটান পোগবা। তার উঁচু করে বাড়ানো বলে আলতো টোকায় দলকে সমতায় ফেরান মানজুকিচ।
সমতায় ফেরার পর অনেকটাই গুছিয়ে ওঠা ইউভেন্তুস ৮১তম মিনিটে এগিয়ে যায়। ডি বক্সের বাইরে থেকে স্প্যানিশ স্ট্রাইকার মোরাতার চমৎকার বাঁকানো শটে বল পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।
বাকি সময়ে সিটি সমতায় ফেরার দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে পিছিয়ে পড়েও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।
ইতালিয়ান সেরি আয় প্রথম তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পায় ইউভেন্তুস। অন্য দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি।
'ডি' গ্রুপের অন্য ম্যাচে জার্মানির বরুসিয়ার মুনশেনগ্লাডবাখকে ৩-০ গোলে হারিয়েছে স্পেনের ক্লাব সেভিয়া।
