মেক্সিকো ম্যাচের ভুল স্বীকার আর্জেন্টিনা কোচের
মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসিদের খেলা নিয়ে খুব একটা হতাশ নন জেরার্দো মার্তিনো। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার এই কোচ ঠিকই শিষ্যদের করা ভুলগুলো স্বীকার করে নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অ্যারলিংটনে হাভিয়ের এরনান্দেস ও হেক্তর এররেরার গোলে প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েছিল মেক্সিকো। তবে সের্হিও আগুয়েরোর ব্যবধান কমানো গোল এবং শেষ মুহূর্তে মেসির লক্ষ্যভেদে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে মার্তিনোর দল।
নিজেদের ভুলগুলো স্বীকার করে মার্তিনো বলেন, “(ম্যাচে) সম্মিলিত ভুলের চেয়ে ব্যক্তিগত ভুল আমরা বেশি করেছি। এটা (আমাদের জন্য) পরিস্থিতি আরও কঠিন করে তুলেছিল ঠিকই, কিন্তু খুব বেশি সমস্যা তৈরি করেনি।”
মার্তিনোর দাবি, মেক্সিকোর চেয়ে তার দলই গোলের সুযোগ বেশি তৈরি করেছিল।
“আমরা সম্ভবত মেক্সিকোর সমান কিংবা তাদের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলাম কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমি এই দলটি নিয়েই চেষ্টা করে যাব। এখনও আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমরা আরও ভালো দল হয়ে উঠতে পারি।”
মেক্সিকোর প্রশংসা করলেও মার্তিনোর দাবি, ম্যাচের লাগাম তার শিষ্যদের মুঠোতেই ছিল, “আমাদের খেলায় খুঁত, সাফল্য ও ভুল ছিল, কিন্তু (ম্যাচের) বড় অংশটা ছিল আমাদের নিয়ন্ত্রণে। মেক্সিকো কখনোই ম্যাচ নিয়ন্ত্রণ করেনি, কিন্তু তারা গোল করেছে।”
