স্বপ্ন পূরণের আনন্দে কাঁদলেন রুনি
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়ার উচ্ছ্বাসে চোখের পানি ধরে রাখতে পারেননি ওয়েইন রুনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ইংল্যান্ডের এই স্ট্রাইকার আবেগঘন কণ্ঠে জানালেন, এটা তার একটি স্বপ্ন পূরণ।
ওয়েম্বলি স্টেডিয়ামে গত মঙ্গলবার ইউরো বাছাইয়ের ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিক ইংল্যান্ড।
এই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করে রুনি ভেঙে ফেলেন ববি চার্লটনের ৪৫ বছরের পুরোনো রেকর্ড। ১৯৭০ সালের মে মাসে ইংল্যান্ডের হয়ে নিজের ৪৯তম গোলটি করেছিলেন চার্লটন।
রেকর্ড গড়ার পর রুনিকে সম্মান জানাতে দর্শকেরা উঠে দাঁড়ান। ওই সময় চোখের পানি ধরে রাখতে দু'হাতে মুখ ঢাকেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রুনি বলেন, "এটা দারুণ এক অনুভূতি। গত কয়েক ম্যাচ ধরেই এর কাছাকাছি ছিলাম। স্বপ্ন সত্যি হলো।"
