বড় বোনকে হারিয়ে শেষ চারে সেরেনা
ইতিহাসে নাম লেখানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। বড় বোন ভেনাসকে হারিয়ে ইউএস ওপেনের শেষ চারে উঠেছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে।
সেমি-ফাইনাল আর ফাইনাল; আর দুটি জয় পেলেই মেয়েদের টেনিসের চতুর্থ খেলোয়াড় হিসেবে এক বছরে সবকটি (চারটি) গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়তে পারবেন সেরেনা।
এর আগে এই কীর্তি গড়তে পেরেছেন যুক্তরাষ্ট্রের মরিন কনোলি, অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট ও জার্মানির স্টেফি গ্রাফ। মেয়েদের টেনিসে বছরের সবকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সবশেষ কীর্তিটি গ্রাফেরই, তাও তিনি করেছিলেন ১৯৮৮ সালে।
ইতিহাস ছোঁয়ার প্রেরণা নিয়ে বড় বোনের বিপক্ষে খেলতে নামা সেরেনা সহজে জিততে পারেননি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত মঙ্গলবার ইউএস ওপেনের দুই বারের চ্যাম্পিয়ন ভেনাসকে ৬-২, ১-৬, ৬-৩ গেমে হারান ২০১৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা।
ভেনাসের জন্যও এই ম্যাচে বিশেষ একটা ব্যাপার ছিল। ক্যারিয়ারে মেয়েদের এককে সাতটি গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। কিন্তু ২০০৮ সালের উইম্বলডনের পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেননি উইলিয়ামস পরিবারের বড় মেয়ে। এবারের ইউএস ওপেনে ছন্দে থাকা ভেনাস শিরোপা-খরা কাটানোর আশা করেছিলেন।
প্রত্যয় নিয়ে খেলতে নামলেও ছোট বোনের বিপক্ষে শুরুটা ভালো করতে পারেননি ২০১০ সালের পর ফ্লাশিং মিডোতে এই প্রথম চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নামা ভেনাস।
দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরেছিলেন ভেনাস। এই সময় দর্শকেরা টুর্নামেন্টের ২৩তম বাছাই এই খেলোয়াড়কেই সমর্থন করতে শুরু করে। কিন্তু তৃতীয় সেটে ভেনাসকে দাঁড়াতেই দেননি ম্যাচে ১২টি এইস করা সেরেনা।
আর দশটি ম্যাচের মতোই শুরুর আগে দুই বোন নেটের দুই পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। ৯৮ মিনিটের লড়াই শেষে কোর্টে ছোট বোনকে জয়ের জন্য অভিনন্দনও জানান ভেনাস।
এটা সবারই জানা কোর্টের বাইরে উইলিয়ামস পরিবারের দুই মেয়ে বোনের চেয়েও বেশি কিছু। দুই বছরের ছোট-বড় বোনেরা একে অপরকে সেরা বন্ধু বলে ভাবেন। কিন্তু কোর্টে নামলে বোন বা বন্ধুর সম্পর্ক ভুলে যান বলে জানান ৩৩ বছর বয়সী সেরেনা।
ভেনাসের বিপক্ষে এই ম্যাচে নিজের অনুভূতি প্রসঙ্গে সেরেনা বলেন, "এটা সত্যি দারুণ এক মুহূর্ত। আমি জীবনে যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে সবচেয়ে কঠিন খেলোয়াড় সে এবং সবচেয়ে ভালো মানুষও। একই সঙ্গে সেরা বন্ধু আর অনন্য এক প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলাটা আজ কঠিনই ছিল।"
এদিন মেয়েদের এককের সেমি-ফাইনালে ওঠেন ইতালির রবের্তা ভিঞ্চি। সেমি-ফাইনালে সেরেনার প্রতিপক্ষ টুর্নামেন্টের অবাছাই এই খেলোয়াড়ই।
