২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলগেরিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে ইতালি

আগামী বছর ফ্রান্সে হতে যাওয়া ইউরোর মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে ইতালি। বাছাই পর্বের অষ্টম রাউন্ডে বুলগেরিয়াকে একমাত্র গোলে হারিয়েছে প্রতিযোগিতার গতবারের রানারআপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 02:59 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

এই জয়ে বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে শীর্ষস্থান দখল করেছে ইতালি, আট ম্যাচে তাদের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে থাকা নরওয়ের পয়েন্ট ১৬। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া।
 
পালেরমোর রেনসো বারবেরা স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইতালি। চতুর্থ মিনিটে বুলগেরিয়ার ডিফেন্ডার ভাসেলিন মিনেভ নিজেদের ডি বক্সে প্রতিপক্ষের মিডফিল্ডার আন্তোনিও কানদ্রেভকে ফাউল করলে পেনাল্টি পায় ইতালি। তা থেকেই গোলটি করেন দানিয়েলে দে রস্সি।
 

প্রথমার্ধের বাকি সময়ের বেশিরভাগই ইতালির নিয়ন্ত্রণে ছিল খেলা। বেশ কয়েকটি ভালো আক্রমণও করে তারা, কিন্তু সাফল্য মেলেনি। মাঝে মধ্যে পাল্টা আক্রমণে যায় বুলগেরিয়াও, কিন্তু গোলের দেখা পায়নি তারাও। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু ফাঁকায় দাঁড়িয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন মিডফিল্ডার মার্কো পারোলো।  ১০ মিনিট বাদে একটি ফাউলের ঘটনা কেন্দ্র করে দে রস্সি ও বুলগেরিয়ার স্ট্রাইকার ইলিয়ান মিতসান্সকি বিবাদে জড়িয়ে পড়লে দুই জনকেই লাল কার্ড দেখান রেফারি।  এক জন করে কম নিয়ে দুই দলই নিজেদের রক্ষণে বাড়তি মনোযোগ দেয়। মাঝে মধ্যে তারা আক্রমণ-প্রতি আক্রমণে উঠলেও ম্যাচে আর কোনো গোল হয়নি।