প্রতিশোধ নিয়ে ফ্রান্সের পথে স্পেন
ইউরো বাছাই পর্বের প্রথম লেগে স্লোভাকিয়ার কাছে হারের মধুর প্রতিশোধ নিয়েছে স্পেন। ফিরতি পর্বে ২-০ গোলে জিতে ২০১৬ সালে ফ্রান্সে হতে যাওয়া ইউরোর মূল পর্বের পথে আরেকধাপ এগিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
গত অক্টোবরে প্রথম লেগে স্লোভাকিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিল স্পেন। সেবারের মতো এবার আর সুযোগ নষ্ট করেনি ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। শনিবার নিজেদের মাঠ নুয়েবো কার্লোস তারতিয়েরেতে পঞ্চম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় স্পেন।
ইউরোর টানা দুইবারের চ্যাম্পিয়নদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৩০তম মিনিটে বক্সের মধ্যে দিয়েগো কস্তাকে অতিথি গোলরক্ষক মাটুস কোজাচিক ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। তা থেকেই লক্ষ্যভেদ করেন ২০১০ বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোল করা এই মিডফিল্ডার।
৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় স্পেন। কিন্তু সতীর্থের বাড়ানো বল নিয়ে দ্রুত বক্সে ঢুকে গেলেও তালগোল পাকিয়ে ফেলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার দাভিদ সিলভা। তাতে অবশ্য বাছাই পর্বে ষষ্ঠ জয় পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের।
এ জয়ে স্লোভাকিয়াকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠল স্পেন। দুই দলের পয়েন্ট সমান ১৮ হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে নেমে গেছে স্লোভাকিয়া। একই রাতে বেলারুশকে ৩-১ গোলে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেন।
