২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন বেনজেমা

রিয়াল মাদ্রিদ ছেড়ে করিম বেনজেমার ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে গুঞ্জন চলছিল। সেসব এবার নিজেই গুজব বলে উড়িয়ে দিলেন ফরাসি এই স্ট্রাইকার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 02:10 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

রিয়ালের ড্রেসিং রুমে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি সোমবার টুইটারে পোস্ট করেন বেনজেমা। যারা তার দল ছাড়ার মিথ্যে খবর প্রচার করেছিল, তাদের উদ্দেশে ২৭ বছর বয়সী এই তারকা ছবির উপরে লেখেন, "এটা ওইসব ভাঁড়দের জন্য যারা আমার ভক্তদের ভুল বুঝিয়েছিল, এটা আমার বাড়ি।" 
 

২০০৯ সালে স্বদেশের ক্লাব অলিম্পিক লিও থেকে রিয়ালে আসা বেনজেমার ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। এবার সেসব গুজব বলেই প্রমাণিত হলো।  গত রোববার স্পোর্তিং গিহনের বিপক্ষে লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি বেনজেমা। সেদিন রিয়াল প্রতিপক্ষের গোলমুখে ২৭টি শট নিলেও গোলশূন্য ড্রয়ের হতাশাতেই শেষ হয় ম্যাচটি। ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা থাকলেও স্ট্রাইকার বেনজেমার অনুপস্থিতি তাই ভালোই বুঝা গিয়েছিল। ঊরুর চোট কাটিয়ে এরই মধ্যে দলের অনুশীলনে ফিরেছেন রিয়ালের সঙ্গে ২০১৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ বেনজেমা। আগামী শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে তার খেলার যথেষ্ট সম্ভাবনাও আছে।