২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলে বড় রদবদল

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দেওয়া বাংলাদেশ দলে বড় রদবদল হয়েছে। সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

আগামী ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের ‍তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী শনিবার মালয়েশিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মামুনুলরা। ম্যাচ দুটির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন শনিবার ২৩ জনের দল ঘোষণা করে।

গত ১৬ জুন দেশের মাঠে তাজিকিস্তানের বিপক্ষে বাছাই পর্বের সর্বশেষ ম্যাচের দলে থাকা মাজহারুল ইসলাম হিমেল, শাহেদুল আলম, কেষ্ট কুমার, তৌহিদুল আলম সবুজ ও ওয়াহেদ আহমেদ এবারের দলে ঠাঁই পাননি।

শহীদুল আলম, আতিকুর রহমান মিশু, ইমন মাহমুদ, তকলিস আহমেদ ও জাহিদ হোসেন-এই ছয়জনকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের দলে নিয়েছেন কোচ লোডভিক ডি ক্রুইফ।

মালয়েশিয়া যাওয়ার আগের প্রস্তুতি ক্যাম্পে রোববারই ফুটবলাররা এসেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। ডেঙ্গু ও চোটের কারণে শেষ মুহূর্তে একটি পরিবর্তনের কথাও জানান তিনি।

“নাসিরের (নাসির উদ্দিন চৌধুরী) ডেঙ্গু হয়েছে। হালকা চোটও আছে। এ কারণে তার বদলে আমিনুর রহমান সজীবকে নিয়েছি আমরা।”

ফরোয়ার্ডে তকলিচ, জাহিদ, এমিলি, জুয়েল, বাতেন ও এনামুলকে রেখেছেন কোচ। বাছাই পর্বের আগের দুই ম্যাচে গোল না পেলেও লিগে ১৩ বার লক্ষ্যভেদ করা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এনামুল নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন।

কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে গোল না পেলেও ফরোয়ার্ডে আলো ছড়িয়ে কোচের প্রশংসা পান জুয়েল রানা। লিগে ৭ গোল করা মোহামেডানের এই ফরোয়ার্ডের ওপরও আস্থা রেখেছেন ক্রুইফ।

রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের মাঠে প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের পরের ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্রুইফের শিষ্যরা।

বাংলাদেশ দল:

মামুনুল ইসলাম, শহিদুল আলম, রায়হান হাসান, আমিনুর রহমান সজীব, ইয়াসিস খান, ইয়ামিন আহমেদ চৌধুরী, লিঙ্কন, জামাল ভূইয়া, সোহেল রানা, মোনায়েম খান রাজু, তকলিস আহমেদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রাসেল মাহমুদ, তপু বর্মন, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আতিকুর রহমান মিশু, জুয়েল রানা, আশরাফুল ইসলাম রানা, নাসিরুল ইসলাম নাসির, ইমন মাহমুদ, আব্দুল বাতেন মজুমদার ও এনামুল হক।