২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচের বিপক্ষে ফেদেরারের প্রতিশোধের সুযোগ

নোভাক জোকোভিচের কাছে ফাইনালে হেরে গত উইম্বলডনে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে রজার ফেদেরারের। যুক্তরাষ্ট্রে এর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছেন সুইস তারকা। সিনসিনাটি ওপেনের ফাইনালে লড়বেন তারা দুজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 02:27 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

ইউক্রেনের আলেক্স দোলগোপোলভকে শনিবার ৪-৬, ৭-৬, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ। আর রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার ফাইনালে ওঠার পথে ৬-৪, ৭-৬ গেমে হারান ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে। 
 
২০১৫ সালের মতো ২০১৪-তেও ফেদেরারকে উইম্বলডনের ফাইনালে হারিয়ছিলেন জোকোভিচ। রোববার আরেকবার ফেদেরারকে হারাতে পারলে এটিপি মাস্টার্সের সবকটি (৯টি) শিরোপা জেতা প্রথম খেলোয়াড় হয়ে যাবেন তিনি।  
 
ফেদেরার-জোকোভিচের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এখনও সমতা আছে। দুজনেই ২০টি করে জয় পেয়েছেন। তবে এ বছর মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন জোকোভিচ। এ পর্যন্ত চারবারের লড়াইয়ের তিনটিতেই জেতেন তিনি।