বিদেশিদের ভিড়ে উজ্জ্বল এনামুল, জুয়েল
২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার লিগে বিদেশিদের ভিড়ে এনামুল হক, জুয়েল রানা কিছুটা আলো ছড়ালেও ভালো মানের দেশী ফরোয়ার্ড নিয়ে হাহাকার থেকেই যাচ্ছে। আর তাই মৌসুম শেষে পুরনো প্রশ্নটা আবারও উঠছে-সামনের দিনগুলোতে জাতীয় দলের আক্রমণভাগের যোদ্ধা কারা?
এবারের লিগে সেরা আট গোলদাতার তালিকায় বাংলাদেশের মাত্র একজন। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটন ১৯ গোল নিয়ে সবার ওপরে। ১৭টি করে গোল আছে দুই জনের-শেখ জামালের ওয়েডসেন আনসেলমে ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইসমাইল বাঙ্গুরা। ১৩ গোল নিয়ে ষষ্ঠ স্থানে আছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এনামুল হক।
তালিকায় নিচের দিকে থাকলেও মোহামেডানের জুয়েল রানা (৭ গোল) দেশি ফরোয়ার্ডদের মধ্যে আলাদাভাবে যা একটু নজর কেড়েছেন।
বাংলাদেশের ফুটবলে ফরোয়ার্ডদের দীনতা বেশ পুরোনো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব এবং তার আগের বঙ্গবন্ধু গোল্ডকাপ ও প্রীতি ম্যাচের দিকে তাকালেও তার যথেষ্ট প্রমাণ মেলে। বাছাই পর্বে দুই ম্যাচের দুটিতেই হার; চার গোল হজমের বিপরীতে দুই গোল করে বাংলাদেশ। তার একটি আত্মঘাতী, অন্যটি তাজিকিস্তানের বিপক্ষে জাহিদ হাসান এমিলির করা।
হিসেবটা যদি গত বছর অক্টোবর থেকে করা হয়, তাহলে ফরোয়ার্ডের হাহাকারটা আরও বাড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুই ম্যাচে এমিলি দুই গোল করেছিলেন; এরপর জাপান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশকে ফাইনালে তোলায় বড় ভূমিকা মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীর। মানেটা পরিষ্কার, লম্বা সময় ধরে কখনো এমিলি আর কখনো মিডফিল্ডার বা ডিফেন্ডারদের কাঁধে চড়ে পার হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
গোল আর জয়ের হিসেব মেলাতে বরাবরের মতো এবারও বিদেশী ফরোয়ার্ডে আস্থা রেখেছে ঘরোয়া ফুটবলের দলগুলো। তকলিস আহমেদ, শাখাওয়াত রনিরা তাই শেখ জামালের জার্সি গায়ে বেঞ্চই গরম করে গেছেন। অন্যদিকে, মান নিয়ে প্রশ্ন থাকলেও ফাঁকা গ্যালারির সামনে গোলের উৎসবে মেতেছেন ডারলিংটন, ল্যান্ডিং, ওয়েডসেনরা।
৬ গোল করে মোহামেডানকে আস্থার প্রতিদান কিছুটা হলেও দিয়েছেন তৌহিদুল আলম সবুজ।
দেশি ফরোয়ার্ডদের মধ্যে সুযোগ পেয়েও হেলায় হারানোর উদাহরণও আছে; লিগের মাঝামাঝি সময়ে মাঠে অনিয়মিত হয়ে যাওয়া ওয়াহেদ আহমেদের গোল সংখ্যা যেমন ২-এর বেশি হয়নি!
জাতীয় দলের মূল ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি অবশ্য লিগে প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি। শেখ রাসেল ক্রীড়া চক্রের রানার্সআপ হওয়ায় তার অবদান ৬ গোল। এমিলিকে পেছনে ফেলে শেখ রাসেলের সর্বোচ্চ গোলদাতা পল এমিল (১০টি)।
লিগে হওয়া মোট হ্যাটট্রিকের তালিকাতেও বিদেশিদের একচ্ছত্র আধিপত্য; ৯টির মধ্যে আটটিই অতিথি খেলোয়াড়দের। দেশি ফুটবলারদের মধ্যে একমাত্র হ্যাটট্রিক মামনুল ইসলামের। ফরাশগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া মামুনুলের জাতীয় দলের ভূমিকাটা সবারই জানা-মিডফিল্ডার। মামুনুলের এই পরিচয়টাও যেন ফরোয়ার্ডের অভাবটাকে প্রকট করে তুলছে আরও।
২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার লিগের সেরা ৮ গোলদাতা
নাম | দেশ | দল | গোল |
এমেকা ডারলিংটন | নাইজেরিয়া | শেখ জামাল | ১৯টি |
ওয়েডসেন আনসেলমে | হাইতি | শেখ জামাল | ১৭টি |
ইসমাইল বাঙ্গুরা | নাইজেরিয়া | মোহামেডান | ১৭টি |
অগাস্টিন ওয়ালসন | হাইতি | ব্রাদার্স ইউনিয়ন | ১৫টি |
ল্যান্ডিং ডারবো | গাম্বিয়া | শেখ জামাল | ১৪টি |
এনামুল হক | বাংলাদেশ | মুক্তিযোদ্ধা সংসদ | ১৩টি |
পল এমিল | ক্যামেরুন | শেখ রাসেল | ১০টি |
সানডে চিজোবা | নাইজেরিয়া | আবাহনী | ১০টি |
