জয় দিয়ে লিগ শেষ শেখ জামালের
জয় দিয়ে এবারের প্রিমিয়ার লিগ শেষ করল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শেষ ম্যাচে আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়েছে লিগের চ্যাম্পিয়নরা।
দুই ম্যাচে হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করা শেখ জামাল শনিবার আবাহনীর বিপক্ষে মর্যাদার লড়াইয়ে নামে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬তম মিনিটে নাসির ইসলামের গোলে এগিয়ে যায় আবাহনী।
পিছিয়ে পড়া শেখ জামালকে ৬৯তম মিনিটে সমতায় ফেরান এমেকা ডারলিংটন; লিগে এটি নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের ১৯তম গোল।
ম্যাচের শেষ দিকে শেখ জামালকে এগিয়ে নেন ল্যান্ডিং ডারবো। শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইন ধরে রেখে ষষ্ঠদশ জয় নিয়ে মাঠ ছাড়ে জোসেফ আফুসির দল।
২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল শেখ জামাল। আর হার দিয়ে শেষ করা আবাহনী ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হলো।
