২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিহনের বিপক্ষেই গোল-খরা কাটবে রিয়ালের?

গোলগুলো সব গেল কোথায়? সান্তিয়াগো বের্নাবেউয়ের আকাশে-বাতাসে ঘুরে ফিরছে এই প্রশ্ন। মৌসুম শুরুর প্রস্তুতিতে ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেলরা যেন গোল করাই ভুলে গেছেন। তবে স্পেনের সফলতম দলটির নতুন কোচ রাফায়েল বেনিতেসের বিশ্বাস, স্পোর্তিং গিহনের বিপক্ষে লা লিগা অভিযান শুরুর ম্যাচেই সব সমালোচনা উড়িয়ে দিয়ে গোলে ফিরবে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা আক্রমণ-ত্রয়ী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 08:40 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

রিয়াল মাদ্রিদ এ মৌসুমে লা লিগায় তাদের প্রথম ম্যাচে গিহনের বিপক্ষে খেলতে নামবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

গত কয়েক মৌসুম জুড়ে প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন রোনালদো, বেল আর বেনজেমা। গত মৌসুমে লিগে রিয়াল মাদ্রিদের করা ১১৮ গোলের ৭৬টিই তারা করেন। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলোয় নিষ্প্রভই হয়ে ছিলেন তারা।

আটটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে চারটি ম্যাচেই বিবিসি নামে পরিচিত রোনালদো, বেল, বেনজেমার কেউই গোল পায়নি। গিহনের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় দুশ্চিন্তা এটাই।

কার্লো আনচেলত্তির জায়গায় এ মৌসুমেই রিয়ালের দায়িত্ব নেওয়া বেনিতেসের আত্মবিশ্বাসে অবশ্য কোনো ঘাটতি নেই।

“আমি আত্মবিশ্বাসী। এই বিতর্ক (গোল-খরা নিয়ে) শেষ করতে স্পোর্তিংয়ের বিপক্ষে গোল করার চেষ্টা করব আমরা।”

রিয়াল ঝামেলায় আছে নিজেদের গোলবার আগলানো নিয়েও। ইকের কাসিয়াস পোর্তোতে চলে যাওয়ার পর এই দায়িত্ব কেইলর নাভাসেরই পালন করার কথা। কিন্তু গুঞ্জন চলছে, এই ম্যাচে কিকো কাসিয়াকেও রিয়ালের গোলবার আগলাতে দেখা যেতে পারে।

অনেকেই মনে করেন, লিগ অভিযানটা ভালোভাবে শুরু করতে হলে রিয়ালকে তাকিয়ে থাকতে হবে রোনালদোর দিকেই। গত মৌসুমে লিগে ৩৫ ম্যাচ খেলে ৪৮ গোল করা পর্তুগিজ এই ফরোয়ার্ডও অবশ্য দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। 

অনেক সমস্যার মধ্যেও লিগ শুরুর আগে রিয়ালের জন্য স্বস্তি নিয়ে এসেছে সের্হিও রামোসের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি। এর সঙ্গে আছে গিহনের বিপক্ষে উজ্জ্বল পরিসংখ্যান নিংড়ানো আত্মবিশ্বাসও।

গিহনের মুখোমুখি হওয়া শেষ ১২ ম্যাচের ১০টিতেই জিতেছে রিয়াল। এর পাঁচটি জয়ই আবার গিহনের মাঠে। গত ১৯ বছরে রিয়ালকে মাত্র একবারই হারাতে পেরেছে গিহন। ১-০ গোলের জয়টি তারা পেয়েছিল ২০১১ সালে বের্নাবেউতে।

এই পরিসংখ্যানে চোখ রেখেই হয়ত এ মৌসুমেই আবার লা লিগায় ফেরা গিহনের কোচ নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন।

“রিয়ালের বিপক্ষে ১০০ বার খেললে হয়ত একটি ম্যাচ জিতব আমরা এবং আমি আশা করব, রোববারের ম্যাচটিই এটি।”