২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার পর যুক্তরাষ্ট্রেও ব্যর্থ নাদাল

টেনিস কোর্টে ব্যর্থতার গণ্ডি থেকে কিছুতেই বের হতে পারছেন না রাফায়েল নাদাল। কানাডার মন্ট্রিয়ালে হতাশ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে এবার যুক্তরাষ্ট্রেও ব্যর্থ স্প্যানিশ এই তারকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 05:03 PM

Updated : 26 Jul 2022, 12:04 PM

সিনসিনাটি মাস্টার্সের সেরা ষোলো থেকে ছিটকে পড়েছেন নাদাল। স্বদেশি ফেলিসিয়ানো লোপেসের কাছে ৫-৭, ৬-৪, ৭-৬ গেমে হারেন অষ্টম বাছাই হিসেবে টুর্নামেন্টে খেলতে আসা এই তারকা।

গত জুন-জুলাইয়ে উইম্বলডনে ব্যর্থ হওয়ার পর হামবুর্গ ওপেন জিতে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন নাদাল। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ তিনি; রজার্স কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর এখানে শেষ আটে উঠতেই ব্যর্থ হলেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।

সিনসিনাটির কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আর কোনো অঘটন ঘটেনি। সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার। রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এই সুইস তারকা ৬-১, ৬-১ গেমে হারান দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে।  
 
এছাড়া র‌্যাঙ্কিংয়ের সেরা তারকা নোভাক জোকোভিচ ৬-৪, ২-৬, ৬-৩ গেমে বেলজিয়ামের দাভিদ গোফিনকে হারান। আর তৃতীয় বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ৪-৬, ৭-৬, ৭-৫ গেমে হারান বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।