২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটলিনদেরকে বোল্টের চ্যালেঞ্জ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চীনের বেইজিংয়ে পা রেখে স্মৃতিকাতর হয়ে পড়েছেন উসাইন বোল্ট। এই আসরের প্রতিপক্ষদের চ্যালেঞ্জ জানাতেও ভোলেননি বিশ্বের দ্রুততম মানব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

আগামী শনিবার বেইজিংয়ের বার্ড নেস্টে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের এবারের আসর। ১০০ মিটার স্প্রিন্টে এবার বোল্টকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জাস্টিন গ্যাটলিন। ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী বোল্টও চ্যালেঞ্জটা ভালোভাবেই নিচ্ছেন।

এ বছর ১০০ মিটারের সেরা টাইমিং যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার গ্যাটলিনের (৯.৭৪ সেকেন্ডে)। বোল্ট স্পষ্টই জানিয়ে দেন, এই টাইমিং করে তাকে হারানো যাবে না।

"বছর জুড়ে আমি বলে এসেছি, আমার লক্ষ্য সবসময়ই ৯.৬০ সেকেন্ডে দৌড়ানো। তাই আমাকে হারাতে হলে নিশ্চিতভাবেই  তাকে (গ্যাটলিন) ৯.৬ সেকেন্ডে দৌড়াতে হবে।”

২০০৮ বেইজিং অলিম্পিকে গতির ঝড় তুলে ১০০ ও ২০০ মিটারসহ মোট তিনটি সোনা জিতেছিলেন বোল্ট। পরের বছর বার্লিনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ৯.৫৮ ও ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

২৮ বছর বয়সী এই স্প্রিন্টার আবার প্রতিযোগিতার জন্য বেইজিংয়ে ফিরতে পেরে খুব খুশি।

"আবার এখানে ফেরাটা আমার জন্য রোমাঞ্চের। ...এখানে ফেরাটা দারুণ, অনেক স্মৃতি ফিরিয়ে এনেছে এটা। একই ফলের অপেক্ষায় আছি আমি।"

অ্যাথলেটিকসে বর্তমান সময়ের ডোপিংয়ের কালো ছোবল নিয়ে দুর্ভাবনার কথাও বলেন বোল্ট।

"গত দুমাস ধরে ডোপিং নিয়ে অনেক শিরোনাম হয়েছে। খেলাটি এখন যেখানে আছে, সেটা সত্যিই দু:খের।"

ক্যারিয়ারে কখনোই ডোপ টেস্টে ধরা না পড়া বোল্ট জানান, কারও পক্ষে একা ডোপিংয়ের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তিনি শুধু নিজের কাজটাই করতে পারেন বলে উল্লেখ করেন বোল্ট।