২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গালাতাসারাইকে হারিয়ে রিয়ালের আরেকটি শিরোপা

নতুন মৌসুমের প্রতিযোগিতামূলক লড়াইয়ে নামার আগে আরেকটি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রীতি টুর্নামেন্ট সান্তিয়াগো বের্নাবেউ ট্রফিতে গালাতাসারাইকে ২-১ গোলে হারিয়েছে রাফায়েল বেনিতেসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 05:10 AM

Updated : 25 Apr 2022, 01:45 PM

রিয়াল মাদ্রিদ তাদের সাবেক সভাপতি সান্তিয়াগো বের্নাবেউয়ের নামানুসারে প্রতি মৌসুম শুরুর আগে এই ম্যাচ খেলে থাকে। এর ৩৭তম আসরে রিয়াল এবার তাদের ২৫তম শিরোপাটি জিতল।
 
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে সপ্তদশ মিনিটে নাচো ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় রিয়াল। ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের উঁচু করে বাড়ানো বলে অনেকটা লাফিয়ে উঠে হেড করে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
 
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা গালাতাসারাই ৫২তম মিনিটে সমতায় ফেরে। এই মৌসুমেই আর্সেনাল থেকে দলে যোগ দেওয়া লুকাস পোডোলস্কির বাড়ানো বল ধরে গোলটি করেন ডাচ মিডফিল্ডার ভেসলি স্নেইডার।
 
এরপর দুদলই বেশ কিছু গোছানো আক্রমণ করে। কয়েকটা ভালো সুযোগও পেয়েছিল তারা। কিন্তু গোল পাচ্ছিল না কেউই। অবশেষে ৮১তম মিনিটে মার্সেলোর দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে আবারও এগিয়ে যায় রিয়াল। বল পায়ে অনেকটা দৌড়ে তিন জনকে পেছনে ফেলে মূল্যবান গোলটি করেন ব্রাজিলের এই লেফট-ব্যাক।
 
ওই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে রিয়াল।
 
মৌসুম শুরুর আগে আগে অস্ট্রেলিয়া ও চীনে প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপেরও শিরোপা জিতেছিল রিয়াল।