বছরের শেষ শিরোপা হারাতে চায় না বার্সা
স্প্যানিশ সুপার কাপ জিততে না পেরে হতাশ বার্সেলোনার খেলোয়াড়রা বছরের সম্ভাব্য শেষ শিরোপাটা আর হারাতে চায় না। রেকর্ড দ্বিতীয়বারের মতো বছরে ছয়টি শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে যাওয়ার পর যেভাবেই হোক ক্লাব বিশ্বকাপ জেতার সংকল্প করেছেন মেসি-ইনিয়েস্তারা।
১১বার স্পেনের সুপার কাপ জেতা বার্সেলোনা সোমবার সুপার কাপের দ্বিতীয় পর্বে নিজেদের মাঠ কাম্প নউয়ে বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে। প্রথম পর্বে বিলবাওয়ের মাঠ থেকে ৪-০ গোলে হেরে আসে তারা।
২০১৫ সালে স্পেনের লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ জেতার পর বছরে ছয়টি শিরোপা জয়ের প্রত্যয়ের কথা জানিয়েছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা। স্প্যানিশ সুপার কাপ হেরে যাওয়ায় তাদের সেই স্বপ্ন ভাঙে।
ম্যাচ শেষে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা নতুন প্রত্যয়ের কথা শোনান।
“ডিসেম্বরে আমরা ক্লাব বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এটা পঞ্চম শিরোপা হতে পারে।”
“এটা দুর্ভাগ্যজনক। কারণ, আমরা একটা শিরোপা জেতার সুযোগ হারিয়েছি।”
আথলেতিক বিলবাওকে অভিনন্দন জানিয়ে মিডফিল্ডার সের্হিও বুসকেতস বলেন, “আমরা শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এটা হওয়ার ছিল না। আমি মনে করি, খেলা চূড়ান্ত হয়ে গেছে প্রথম পর্বেই।”
