জয় দিয়ে লিগ শেষ বিজেএমসির
প্রিমিয়ার লিগের শেষটা ভালোই হলো টিম বিজেএমসির। শেষ ম্যাচে তারা ৪-১ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বিজেএমসির জয়ে এলিটা দুটি এবং ফয়সাল ও জিকু একটি করে গোল করেন। ফেনী সকারের একমাত্র গোলটি করেন সোহেল।
প্রথমার্ধেই এলিটার জোড়া গোল এবং ফয়সালের লক্ষ্যভেদে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বিজেএমসি। ৭৮তম মিনিটে জিকু ব্যবধান আরও বাড়ান। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফেনীর সান্ত্বনাসূচক গোলটি করেন সোহেল।
লিগে এটি বিজেএমসির ষষ্ঠ জয়। ২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে সপ্তম স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ফেনী সকারের অবস্থান অষ্টম।
দুই ম্যাচ হাতে রেখে ২০১৪-১৫ মৌসুমের শিরোপা নিশ্চিত করা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৮। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে লিগের রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
