সতর্ক ভারতের চোখে ‘শক্তিশালী’ বাংলাদেশ
গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে ভারতের হারের কারণে দুই দলের ফাইনালটি ভিন্ন মাত্রা পাচ্ছে। ভারত কোচ বিতান সিংয়ের কথাতেও এসেছে কিছুটা পরিবর্তন। গ্রুপ পর্বের ম্যাচের আগে বাংলাদেশকে সমীহ করা এই কোচ এবার ফাইনাল সামনে রেখে প্রতিপক্ষকে ‘শক্তিশালী’ মেনে নিলেন।
সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ভারত নামবে শিরোপা ধরে রাখার মিশনে; আর এবারই প্রথম ফাইনালের মঞ্চে ওঠা বাংলাদেশের স্বপ্ন শিরোপা জিতে আসর শেষ করা।
আগের দিনের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতেই ভারত কোচ গ্রুপ পর্বের হারের প্রসঙ্গ তুললেন, “বাংলাদেশ শক্তিশালী দল। গ্রুপ পর্বের ম্যাচে যেহেতু আমরা তাদের কাছে হেরেছি, সেহেতু ফাইনালে আরও সতর্ক হয়ে নামব।”
সাফের তিন আসর মিলিয়ে বাংলাদেশ-ভারত তৃতীয়বারের মতো মুখোমুখি হবার অপেক্ষায়। ২০১৩ সালে গ্রুপ পর্বে ভারত জিতেছিল ২-০ গোলে; এবার গ্রুপ পর্বে ২-১ গোলে জিতে তার প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ।
অতীত পরিসংখ্যানের চেয়ে বর্তমানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভারত কোচ। টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশকে তাই একবাক্যে শক্তিশালী মেনে নিচ্ছেন তিনি। তবে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যটাও আছে তার।
“তবে আমরাও তাদের সহজে ছেড়ে দেব না।”
বৃষ্টিভেজা ভারী মাঠ নিয়ে বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানী দুর্ভাবনার কথা বলেছেন। বৃষ্টি-বাদলের বিষয়ে ভারত কোচ জানালেন, প্রকৃতির ওপর কোনো হাত নেই। দলে কোনো চোট সমস্যা না থাকার স্বস্তিটাও জানালেন তিনি।
তবে স্বাগতিকদের জন্য যেটা অনেক স্বস্তির, সেটাই ভারত কোচের জন্য বড় চিন্তার কারণ। নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলা প্রতিপক্ষ সম্পর্কে তাই বিতান বললেন, “নিজেদের মাঠে বাংলাদেশ খুবই শক্তিশালী দল। ওদের বিপক্ষে জেতা আমাদের জন্য মোটেও সহজ হবে না।”
