২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে হতাশায় পুড়িয়ে সিটির দ্বিতীয় জয়

প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 11:39 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

প্রথম ম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে ৩-০ গোলে হারিয়েছিল সিটি। 
 
অন্যদিকে, শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা চেলসির শুরুটা আরও খারাপ হলো। লিগের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিল জোসে মরিনিয়োর দল।
 
ইতিহাদ স্টেডিয়ামে রোববারের ম্যাচটিতে স্বাগতিক সিটির গোল তিনটি করেন সের্হিও আগুয়েরো, ভিনসেন্ট কোম্পানি ও ফের্নানদিনিয়ো।
 
আসরের প্রথম বড় ম্যাচের শুরুটা দারুণ হতে পারত সিটির। প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু আগুয়েরোর ডান পায়ের জোরালো শট অতিথি গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বলে হেসুস নাভাসের কোনাকুনি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
 
ষষ্ঠদশ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরোর বিদ্যুৎ গতির শট গোলরক্ষক আসমির বেগোভিচ ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলে হতাশ হতে হয় সিটিকে। 
 
২১তম মিনিটে আরেকটি সুযোগ হারান আগুয়েরো। তবে এবারের দায়টা তার নিজেরই, খুব কাছ থেকে বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি তিনি।
 
আগুয়েরোকে বেশিক্ষণ অবশ্য আটকে রাখতে পারেনি চেলসির রক্ষণ। ৩২তম মিনিটে দাভিদ সিলভার পাস পেয়ে ডি বক্সের মধ্যে চার জনকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান গত আসরের সর্বোচ্চ গোলদাতা।
 
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণে উঠতে থাকে চেলসিও। লড়াইও বেশ জমে ওঠে। কিন্তু কেউই উল্লেখযোগ্য কোনো সুযোগ পাচ্ছিল না।
 
৬৯তম মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়েও দলকে সমতায় ফেরাতে পারেননি এডেন হ্যাজার্ড।
 
৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। স্প্যানিশ খেলোয়াড় দাভিদ সিলভার কর্নারে হেড করে গোলটি করেন অধিনায়ক কোম্পানি।   
  
ছয় মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন ফের্নানদিনিয়ো। চেলসির রক্ষণের ভুলে ডি বক্সের সামনে বল পেয়ে যান সিটির সিলভা। তার পা ঘুরে বল পেয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনিয়ো।