২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জকে উড়িয়ে লিগের রানার্সআপ শেখ রাসেল

শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হলেও রানার্সআপ হওয়ার তৃপ্তিটুকু নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করল শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ ম্যাচে রহমতগঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে রানার্সআপ হয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 09:55 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার দ্বিতীয় পর্বের ম্যাচে শেখ রাসেলের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন পল এমিল। ৫৭, ৬২ ও ৭০তম মিনিটে গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

শেখ রাসেলের বড় জয়ে অন্য গোলটি মিথুন চৌধূরীর। প্রথমার্ধের শেষ দিকে মিথুনের গোলেই রহমতগঞ্জের রক্ষণভাগে ফাটল ধরে। পরে পল ১৩ মিনিটের মধ্যে আরও তিনবার লক্ষ্যভেদ করলে শেখ রাসেলের বড় জয় নিশ্চিত হয়।

জাহিদ হাসান এমিলির কর্নারে হেড করে হ্যাটট্রিকের পথে যাত্রা শুরু করেন পল। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের পরের দুই গোলে ভালো অবদান ছিল মিথুনের।

২০১৪-১৫ মৌসুমে এটি শেখ রাসেলের ত্রয়োদশ জয়; ২০ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের।

রানার্সআপ হওয়ার দৌড়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। কিন্তু ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট পাওয়া মোহামেডান আর ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া আবাহনীর সামনে সে সুযোগ আর নেই। মোহামেডানের একটি আর আবাহনীর দুই ম্যাচ বাকি রয়েছে।

২০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে দশম স্থানে থেকে লিগ শেষ করল রহমতগঞ্জ।

প্রথম পর্বের ম্যাচে অবশ্য শেখ রাসেলকে ১-১ গোলে রুখে দিয়েছিল রহমতগঞ্জ।

দুই ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জিতে নেওয়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৮।