শিষ্যদের নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ
আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী তার শিষ্যদের খেলায় খুশি।
সিলেট জেলা স্টেডিয়ামে রোববার প্রথম সেমি-ফাইনালে আফগানিস্তানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
ম্যাচ শেষে জিলানী বলেন, “আমরা প্রস্তুতির জন্য খুব কম সময় পেয়েছিলাম। সে হিসেবে ভালো খেলছে ছেলেরা। বিশ্রামের পর্যাপ্ত সময় না থাকায় ছেলেরা ক্লান্ত ছিল, যার প্রভাব ম্যাচে কিছুটা পড়েছে। তারপরও বলবো, তারা ভালো খেলেছে।”
স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ শাওন আফগানিস্তানের সঙ্গে তার দলের মূল একটি পার্থক্য তুলে ধরে বলেন, “আফগানিস্তান শারীরিকভাবে অনেক শক্তিশালী। আমরা টেকনিক্যালি খেলার চেষ্টা করেছি। সেটা সবাই সফলভাবে করতে পেরেছে বলেই আমরা জিতেছি।”
বাংলাদেশকে জয় এনে দিতে ম্যাচের একমাত্র গোলটি করেন সাদউদ্দিন। ম্যাচটি দেখতে মাঠে ছিলেন সাদউদ্দিনের বাবা-মা আর তার কয়েকজন আত্মীয়। পরিবারের সদস্যদের সামনে দলকে জেতানো গোল করাতে পেরে দারুণ খুশি তিনি।
“আজ প্রথম গোল করতে পেরেছি। তার জন্য সবাইকে ধন্যবাদ।”
আফগানিস্তানের কোচ হামিদুল্লাহ মাসউদ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমার দল ভালো খেলেছে। কিন্তু দিনটি আমাদের ছিল না।”
