২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসম্ভব লক্ষ্যের সামনে বার্সা

দুই দিনের ব্যবধানে বার্সেলোনা শিবিরের চিত্রটাই পাল্টে গেছে। উয়েফা সুপার কাপ জিতে উড়তে থাকা লুইস এনরিকের দলটিই এখন ছন্দ খুঁজে ফিরছে। ঘরের মাঠের সুবিধা আর সমৃদ্ধ ইতিহাস তাদেরকে ঘুরে দাঁড়ানোর আশা জোগাচ্ছে ঠিকই; কিন্তু আথলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিততে ‘অলৌকিক’ কিছু ঘটাতে হবে লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 09:01 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

গত শুক্রবার প্রথম লেগে নিজেদের মাঠে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিস্ময় জাগানো বিলবাও এই প্রতিযোগিতায় তাদের দ্বিতীয় শিরোপা অনেকটাই নিশ্চিত করে রেখেছে। সেদিন রক্ষণ, মাঝমাঠ, আক্রমণভাগে চরম ব্যর্থ হওয়া বার্সা এখনও অবশ্য শিরোপা জয়ের আশা ছাড়েনি। তবে স্বপ্ন পূরণে জিততে হবে কমপক্ষে ৫-০ গোলে।

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় পর্বের ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নামার আগে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বার্সেলোনা যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারছে, তা নিশ্চিতভাবেই তারকাসমৃদ্ধ আক্রমণভাগের কারণে। তবে শুধু মেসি-সুয়ারেসদের দিকে তাকিয়ে থাকলেই চলবে না, বরং গত দুই ম্যাচে ৮ গোল হজম করা রক্ষণ নিয়েও ভাবতে হচ্ছে দলটিকে।

কোচ এনরিকে অবশ্য তার পরিকল্পনায় দলের নির্দিষ্ট কোনো অংশের কথা তুললেন না। সবকিছু ঠিকঠাক করতে পারলে কোণঠাসা অবস্থা থেকেও শিরোপাটি জেতা সম্ভব বলে মনে করেন তিনি।

“প্রথম লেগের চেয়ে আমরা তরতাজা থাকব। আর বার্সা খেললে যেকোনো কিছু ঘটতে পারে।”

খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে রোববারের সংবাদ সম্মেলনে একটি পরিসংখ্যান তুলে ধরেন এনরিকে, “গত মৌসুমে ১৮ ম্যাচে আমরা চার বা তারও বেশি গোল করেছিলাম।”

গত মঙ্গলবার রাতে সেভিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এই অবস্থায় ম্যাচটি যেখানে সহজেই জেতার কথা ছিল, সেখানে দ্রুত তিন গোল হজম করে বসে তারা। অতিরিক্ত সময়ের শেষ দিকে পেদ্রোর গোলে ৫-৪ গোলে জয় পেলেও রক্ষণ নিয়ে দুর্ভাবনার শুরু সেখান থেকেই।

সেভিয়ার বিপক্ষে একের পর এক গোল করা দলটি তিন দিন বাদে বিলবাওয়ের বিপক্ষে গোল করাই যেন ভুলে যায়। মেসি-সুয়ারেসরা যেন হয়ে ছিলেন নিজেদের ছায়া। বিলবাওয়ের মাঠ সান মামেসে বারবার সুযোগ নষ্ট করতে দেখা যায় তাদের।

আন্দ্রেস ইনিয়েস্তা, জেরেমি মাথিউ, জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস ও ইভান রাকিতিচদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের প্রথম একাদশে না থাকাটাও দলটির ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। এই পাঁচজনের অনুপস্থিতিতে প্রথমার্ধে বার্সেলোনার রক্ষণ ও মাঝমাঠ ছিল অগোছালো।  

দ্বিতীয়ার্ধে ইনিয়েস্তা ও রাকিতিচ বদলি হিসেবে নামলেও ভাগ্য ফেরাতে পারেননি। ম্যাচ শেষে শুরুর একাদশে একটু বেশি পরিবর্তন আনা ভুল হয়ে গেছে বলে স্বীকার করে নেন এনরিকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচেও এনরিকের দলে নেইমারের শূন্যতা থেকেই যাচ্ছে। অসুস্থতার কারণে তার খেলার কোনো সম্ভাবনা নেই। ব্রাজিলিয়ান এই তারকাকে ছাড়াও যে কোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে বার্সেলোনার। সেখানে একটি মাত্র বড় হারের 'অঘটন' নিশ্চয়ই কোনো প্রভাব ফেলবে না।

তারপরও সতর্কতার কমতি নেই বার্সেলোনার খেলোয়াড়দের। কারণ, প্রতিপক্ষ যেই হোক না, তাদের জালে পাঁচবার বল পাঠানো সবসময়ই কঠিন। আর সেখানে বিলবাও যদি আবার কোনো গোল করে ফেলে, তাহলে বার্সেলোনাকে আরও বেশি গোল করতে হবে। তাই এই ম্যাচে গোল করার মতো গোল না খাওয়ার দিকেও মনোযোগ দিতে হবে।

হাভিয়ের মাসচেরানো সতীর্থদের যেন সেই বিষয়টিই মনে করিয়ে দেন।  

“আমাদের উন্নতি করতে হবে এবং ভুলগুলো কমাতে হবে। কিন্তু (গোলের জন্য) আমরা পাগল হবো না।”

এই প্রতিযোগিতার ২০১০ আসরে সেভিয়ার বিপক্ষে প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে ফিরতি লেগে ৪-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় তারা। ঘরের মাঠে অবিস্মরণীয় ওই জয়ে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন তারকা মেসি, অন্য গোলটি ছিল পেদ্রোর। সোমবারের ম্যাচেও আছেন তারা দুজন। আরেকবার অমন চমক দেখাতে পারবেন তারা?