২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যয় বাংলাদেশের

শক্তিশালী ভারতকে হারিয়ে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে ওঠা বাংলাদেশ এখন বেশ আত্মবিশ্বাসী। সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তান বাধা পেরুতে তাই দারুণ প্রত্যয়ী স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 10:09 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

সিলেট জেলা স্টেডিয়ামে রোববার বিকাল তিনটায় প্রথম সেমি-ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। একই দিনে একই ভেন্যুতে বিকাল পাঁচটায় দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে ভারত ও নেপাল।

গ্রুপ পর্বে নেপাল ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে জেতায় শিষ্যদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলেই বিশ্বাস বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানীর। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের ওপর চাপ না থাকার কথাও জানান তিনি।

“টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি লক্ষ্য পূরণ করতে পেরেছি আমরা। পরের ম্যাচটি আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। আমরা জিততে চাই। ছেলেরা মানসিকভাবে প্রস্তুত। চেনা পরিবেশ, চেনা দর্শক ও চেনা মাঠে খেলছি। তাই দলের ওপর কোনো মানসিক চাপ নেই।”

প্রতিপক্ষকে অবশ্য হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ। বিশেষ করে আফগানদের শারীরিক শক্তির দিকটা তাকে বেশি ভাবাচ্ছে। তবে মনের জোর দিয়ে আর মাথা ঠাণ্ডা রেখে লক্ষ্য পূরণের ছক কষছেন জিলানী।

“ওরা (আফগানিস্তান) শারীরিকভাবে অনেক শক্তিশালী। তাই আমাদের লক্ষ্য হবে শারীরিক শক্তি প্রয়োগ না করে মানসিক শক্তি কাজে লাগানো; ঠাণ্ডা মাথায় খেলা। আমরা ওদের চেয়ে মানসিকভাবে এগিয়ে আছি।”

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠা বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছে আফগানিস্তানও। তবে দলটির কোচ হামিদুল্লাহ মাসৌদি শাওন-নিপুদের সমীহ করেই জয়ের স্বপ্ন দেখছেন।

“সেমি-ফাইনালে খেলতে আসা প্রতিটি দলই ভালো। বাংলাদেশও শক্তিশালী দল। তবে তাদের হারিয়ে ফাইনালে উঠতে চাই আমরা। এ জন্য দলের সবাই প্রস্তুত।”

সেমি-ফাইনাল সামনে রেখে আগের দিনের সংবাদ সম্মেলনে নেপাল ও ভারত কোচও জয়ের আশাবাদ শুনিয়েছেন। নেপাল কোচ উপেন্দ মান সিং বলেন, “আমরা আগের দুই আসরে পারিনি। শেষবার ফাইনালে ভারতের কাছে হেরেছিলাম। এ ম্যাচটি তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

আর বাংলাদেশের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে ওঠা ভারত দলের সহকারী কোচ বিবিয়ানো ফার্নান্দেজ জানান, জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তার দল। প্রথম সেমি-ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি।

“বাংলাদেশ ভালো দল। সামগ্রিক হিসেবে আমি তাদেরকে কালকের ম্যাচে এগিয়ে রাখছি।”