কিরগিজস্তানে ড্র করে এএফসি কাপের প্লে-অফে শেখ জামাল
পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিরগিজস্তানের দল আলগার সঙ্গে ড্র করে এএফসি কাপের প্লে-অফ পর্বে উঠেছে বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা।
কিরগিস্তানের বিশেকেকে প্লে-অফ কোয়ালিফায়ার্সে শনিবার স্বাগতিক দেশের দল আলগার সঙ্গে ১-১ গোলে ড্র করে শেখ জামাল। একটি করে জয় ও ড্রয়ের সুবাদে আলগাকে ছিটকে দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে উঠে মামুনুলরা।
ম্যাকাওয়ের কাসা বেনফিকাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব শুরু করা শেখ জামালের পরের রাউন্ডে উঠতে ড্র হলেই চলত। কিন্তু ২৩তম মিনিটে আলগার আমিরভ ইলদার গোল করলে পিছিয়ে পড়ে মামুনুলরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় রেখে একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল স্বাগতিকরা। শুরুর দিকে শেখ জামালের গোলরক্ষককে একা পেয়েও ভালো একটি সুযোগ নষ্ট করেন আইভান ফিলাতোভ।
সমতায় ফিরতে মরিয়া শেখ জামালকে দ্বিতীয়ার্ধে দারুণ একটি সুযোগ নষ্টের হতাশায় পুড়তে হয়। বক্সের ভেতরে সুবিধাজনক জায়গায় বল পেয়েও তাড়াহুড়ো করে বাইরে উড়িয়ে মারেন এমেকা ওনুওহা।
তবে ওনুওহার গোলেই শেষ পর্যন্ত শেখ জামালের মুখে হাসি ফোটে; ৭৭তম মিনিটে গোলটি করেন এই ফরোয়ার্ড। সমতায় থেকে ম্যাচের বাকিটা সময় পার করে দেয় জোসেফ আফুসির শিষ্যরা।
