২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালের ফের ছন্দপতন

মাসের শুরুতে হামবুর্গ ওপেন জিতে ছন্দে ফেরার আভাস দিলেও তা ধরে রাখতে পারলেন না রাফায়েল নাদাল। রজার্স কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 07:49 PM

Updated : 26 Jul 2022, 12:04 PM

শীর্ষ দুই বাছাই নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে অবশ্য প্রত্যাশিতভাবেই সেরা চারের টিকেট পেয়েছেন। 
 
কানাডার মন্ট্রিয়ালে শুক্রবার প্রতিযোগিতার শেষ আটের ম্যাচে জাপানের নিশিকোরির সামনে দাঁড়াতেই পারেননি সপ্তম বাছাই নাদাল। ৬-২, ৬-৪ গেমে হেরে যান এর আগে এখানে তিনবারের এই চ্যাম্পিয়ন।
 
১৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদালের বিপক্ষে আটবারের মুখোমুখি লড়াইয়ে এবারই প্রথম জয়ের স্বাদ পেলেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই নিশিকোরি।
 
সেমি-ফাইনালে নিশিকোরি খেলবেন দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারের বিপক্ষে। ফরাসি খেলোয়াড় জো-উইলফ্রেদ সোঙ্গাকে হারিয়ে শেষ চারে ওঠেন ব্রিটেনের তারকা।   
 
অন্য সেমি-ফাইনালে জোকোভিচ খেলবেন আরেক ফরাসি খেলোয়াড় জেরেমি চার্দির সঙ্গে।