এএফসি বাছাইপর্বে শেখ জামালের দারুণ শুরু
এএফসি কাপের বাছাইপর্বে দারুণ শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ম্যাকাওয়ের ফুটবল ক্লাব বেনফিকা দে ম্যাকাওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে সহজেই জিতেছে বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়নরা।
কিরগিজস্তানের বিশেকেকে বৃহস্পতিবার ম্যাচের ২৬তম মিনিটে ফরোয়ার্ড নিকোলাস মারিও তারাওয়ের গোলে পিছিয়ে পড়ে শেখ জামাল।
৪৪তম মিনিটে সমতা ফেরান এমেকা ওনুওহা। আর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৫ মিনিটের মধ্যে তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে শেখ জামাল।
৭২তম মিনিটে অধিনায়ক ও মিডফিল্ডার মামুনুল ইসলামের গোলে এগিয়ে যায় শেখ জামাল। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান শাখাওয়াত রনি। আর ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।
২০১৬ সালের এএফসি কাপের এই বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার স্বাগতিক দল আলাগার মুখোমুখি হবে শেখ জামাল।
গ্রুপের প্রথম ম্যাচে আলাগা ২-০ গোলে ম্যাকাওকে হারিয়েছিল।
