২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা কোচের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পেদ্রো

বিভিন্ন গণমাধ্যমে পেদ্রোর বার্সেলোনা ছাড়ার খবর বের হলেও কাম্প নউয়ে তার গুরুত্ব এতটুকু কমেনি। স্প্যানিশ এই স্ট্রাইকারের প্রশংসায় দলটির কোচ লুইস এনরিকে জানিয়েছেন, তার পরিকল্পনায় পেদ্রো এখনও গুরুত্বপূর্ণ অংশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 08:12 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

সমর্থকদের মনেও এই খেলোয়াড় অনেক বড় একটা জায়গা জুড়ে আছে বলে জানিয়েছেন এনরিকে।
 
অনেক দিন ধরেই ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বার্সেলোনা ছেড়ে শিগগিরই ম্যানচেস্টার ইউনাইটেড বা ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন পেদ্রো। কিছু দিন আগে এনরিকেও জানান, বার্সেলোনা ছাড়তে চান পেদ্রো। একই তথ্য দেন বার্সেলোনার ক্লাব সচিবও। 
 
পেদ্রোর বার্সেলোনায় থাকতে চাওয়ার কথা বললেও আরও বেশি সময় মাঠে থাকার দাবি জানিয়েছেন।
 
বার্সেলোনার আক্রমণভাগে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস থাকায় পেদ্রোর চাওয়াটা হয়তো পুরণ হওয়ার নয়। এই যেমন গত মঙ্গলবার উয়েফা সুপার কাপে নেইমারের অনুপস্থিতির পরও প্রথম একাদশে ছিলেন না ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। তবে বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময়ের শেষ দিকে জয়সূচক গোল করে দলকে আনন্দে ভাসান তিনি।
 
সেভিয়ার বিপক্ষে ৫-৪ ব্যবধানে ওই জয়ে গুরুত্বপূর্ণ গোল করার পরও আগামী শুক্রবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পেদ্রোর খেলাটা নিশ্চিত নয়। 
 
ম্যাচে পেদ্রোর সুযোগ পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনরিকে জানান, তিনি নিশ্চিত নন। তবে তার সিদ্ধান্তে কোনো খেলোয়াড়ের দল-বদলের সম্ভাবনা থাকা না থাকা কোনো প্রভাব ফেলে না বলেও জানান তিনি।