২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মেয়েদের মধ্যে সর্বোচ্চ আয় শারাপোভার

আবারও নারী অ্যাথলেটদের মধ্যে এক বছরে সবচেয়ে বেশি আয় করেছেন মারিয়া শারাপোভা। ফোর্বসের হিসেব অনুয়ায়ী টানা ১১ বছর শীর্ষ আয়ের নারী অ্যাথলেট হলেন রুশ এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 02:32 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

তালিকার শীর্ষ দশ জনের মধ্যে সাত জনই টেনিস খেলোয়াড়।
 
ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর ফরাসি ওপেন জেতা ২৮ বছর বয়সী শারাপোভা প্রাইজ মানি থেকে পান ৬৭ লাখ ডলার। আর সব মিলিয়ে তার আয় ছিল ২ কোটি ৯৭ লাখ ডলার। 
 
এর মধ্যে ব্যক্তিগত ব্যবসা, বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্যের দূত হওয়াসহ বিভিন্ন খাত থেকে আয়ও ধরা হয়েছে।
 
বর্তমানে মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন। তার আয়ের পরিমাণ ২ কোটি ৪৬ লাখ ডলার। 
 
টেনিসের বাইরের অ্যাথলেটদের মধ্যে শীর্ষ দশে সবার ওপরে আছেন ড্যানিকা প্যাট্রিক। তালিকার চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের এই মোটর রেসিং ড্রাইভারের আয় ১ কোটি ৩৯ লাখ ডলার। 
 
টেনিস বড় ধরনের আয়ের ক্রীড়াগুলোর একটি যেখানে মেয়েদের আয় ছেলেদের আয়ের সঙ্গে কিছুটা তুলনীয়। তারপরও সুইস তারকা রজার ফেদেরারের ৬ কোটি ৭০ লাখ ডলার আয়ের সঙ্গে শারাপোভার আয়ের পার্থক্য চোখে পড়ার মতোই। 
 
ফোর্বসের শীর্ষ উপার্জনকারী পুরুষ অ্যাথলেটদের সবশেষ তালিকা অনুযায়ী টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয় ফেদেরারেরই।