ভারতকে এগিয়ে রেখেই জয়ের ছকে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হওয়ায় বাংলাদেশ হয়ে উঠেছে আরও আত্মবিশ্বাসী। তাই শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের মোটেও পিছিয়ে রাখছে না বাংলাদেশ। বরং চেনা মাঠে, পরিচিত দর্শকের সামনে খেলা বলে নিজেদের ‘ফেভারিট’ মানছে স্বাগতিকরা।
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবারের আসর শুরু করে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে। বাংলাদেশের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে ‘এ’ গ্রুপের টেবিলে এগিয়ে আছে তারা। তবে বুধবারের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে না নেওয়ার কথা জানান ভারতের কোচ বিথান সিং।
“বাংলাদেশের প্রতি আমাদের সমীহ আছে কিন্তু আমরাও প্রস্তুত। সবকিছু (প্রস্তুতি) ভালোভাবে হয়েছে; দলের সবাই আত্মবিশ্বাসী।”
দারুণ শুরু পায় বাংলাদেশও; শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে নিপু-শাওনরা। তাই বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখছেন ভারত অধিনায়ক প্রভুস্কান সিং গিলি। স্বাগতিক বলে সমর্থকদের পাশে পাওয়াটাও নিপু-রাকিবদের বাড়তি সুবিধা এনে দেবে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখেছি; ওদেরকে (বাংলাদেশ) যথেষ্ঠ শক্তিশালী মনে হয়েছে।”
সেমি-ফাইনাল নিশ্চিত হওয়া ম্যাচের পর শিষ্যদের গোলের সুযোগ হারানো নিয়ে আক্ষেপ করেছিলেন বাংলাদেশ কোচ। একই ভুল ভারতের বিপক্ষে এড়াতে আগের দিনের সংবাদ সম্মেলনে শিষ্যদের সতর্ক করে দিলেন জিলানী।
“প্রথম ম্যাচে আমাদের ফিনিশিং ভালো হয়নি; নয়তো আমরা আরও গোল পেতে পারতাম। ভারতের বিপক্ষে এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।”
সুযোগ নষ্টের বলয় থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন। ভারতকে শক্তিশালী মেনে প্রত্যয়ী কণ্ঠে তিনিও জানিয়েছেন, জয়ের স্বপ্ন নিয়েই খেলতে নামবেন তারা।
“কোনো দলকেই আমরা সহজভাবে নিচ্ছি না। ভারত বর্তমান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী দল। তবে আমরাও অনেক আত্মবিশ্বাসী। যে কাউকে হারানোর ক্ষমতা রাখি আমরা।”
