২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাগতিক বাংলাদেশকে সমীহ কোণঠাসা শ্রীলঙ্কার

ভালো কিছু পাওয়ার স্বপ্ন নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর অপেক্ষায় আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের কাছে উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়া শ্রীলঙ্কা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 07:48 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ২০ দিনের প্রস্তুতি থাকায় শুরুতে ভালো কিছু পাওয়ার আশা করছে স্বাগতিকরা।

প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া। তাছাড়া, এই ম্যাচ হারলে আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে তাদের।

আগের দিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশকে সমীহ করে শ্রীলঙ্কার কোচ সুজুকি চিকাশি বলেন, “বাংলাদেশ শক্তিশালী দল। তবে আমাদের জয়ের বিকল্প নেই। আমরা জয়ের জন্যই খেলব।”

প্রস্তুতি ভালো হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানী।

“আশা করি, আমরা ভালো করব। ভালো ফল নিয়ে মাঠ ছাড়ব।”

বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন অবশ্য প্রস্তুতির ঘাটতির কথাই আগে বললেন। তবে ভালো ফল নিয়ে ম্যাচ শেষের আশাবাদও জানিয়েছেন এই উঠতি ফুটবলার।

“প্রস্তুতির জন্য আমরা খুব কম সময় পেয়েছি। তবে আমরা ভালো করার চেষ্টা করব। প্রথম ম্যাচ যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্যও ব্যাপারটা সেরকম।”

ভারতের কাছে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলেও তাদেরকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না শাওন।

“ওই ম্যাচে ভারত তাদের সেরাটা দিতে পেরেছে বলেই জিতেছে। তাই বলে শ্রীলঙ্কাকে দুর্বল ভাবার সুযোগ নেই। আমরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”