যুক্তরাষ্ট্রের পুলেই লকটিদের জবাব দিচ্ছেন ফেলপস
যুক্তরাষ্ট্রের পুলে ঝড় তুলে কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জয়ীদেরও ছাড়িয়ে যাচ্ছেন মাইকেল ফেলপস। ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতেও বছরের সেরা টাইমিং করেছেন অলিম্পিকে ১৮টি সোনা জয়ী এই সাঁতারু।
টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে জাতীয় চ্যাম্পিয়নশিপে রোববার ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে জিততে ১ মিনিট ৫৪.৭৫ সেকেন্ড সময় নেন অবসর ভেঙে আবার সাঁতারে ফেরা ফেলপস।
রাশিয়ার কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে গত বৃহস্পতিবার সোনা জিততে ফেলপসের স্বদেশি রায়ান লকটির সময় লাগে ১ মিনিট ৫৫.৮১ সেকেন্ড।
এই ইভেন্টের বিশ্ব রেকর্ডটি লকটিরই অধিকারে। ৩১ বছর বয়সী এই সাঁতারু ২০০১ সালে সময় নিয়েছিলেন ১ মিনিট ৫৪ সেকেন্ড।
এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপের আরও দুটি ইভেন্টে বছরের সেরা টাইমিং করেন ফেলপস। গত শুক্রবার ১ মিনিট ৫২.৯৪ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার বাটারফ্লাই জেতেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে সোনা জেতা হাঙ্গেরির লাসলো চে সময় নেন ১ মিনিট ৫৩.৪৮ সেকেন্ড।
শনিবার ফেলপস ১০০ মিটার বাটারফ্লাই শেষ করতে সময় নেন ৫০.৪৫ সেকেন্ড। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে সোনা জিততে ৫০.৫৬ সেকেন্ড সময় নেন দক্ষিণ আফ্রিকার চাড লে ক্লস।
গত বছর মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছিলেন ফেলপস। যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে কাজানে যেতে পারেননি তিনি।
রাশিয়ার আসরে অংশ নিতে না পারার হতাশার কারণেই হয়তো চলতি সপ্তাহের শুরুর দিকে ফেলপস রিও অলিম্পিকের আগে অ্যালকোহল থেকে দূরে থাকার শপথ করেন।
২০১৬ সালে ব্রাজিলের রিও দি জেনেইরোতে বসবে অলিম্পিকের পরের আসর। এ আসর সামনে রেখেই প্রস্তুত হচ্ছেন বেইজিং অলিম্পিকে রেকর্ড ৮টি সোনা জেতা ফেলপস।
