জয় দিয়ে লিগ শুরু পিএসজির
জয় দিয়েই ফরাসি লিগের শিরোপা ধরে রাখার লড়াই শুরু করেছে পিএসজি। দলের সবচেয়ে বড় দুই তারকা আনহেল দি মারিয়া ও জ্লাতান ইব্রাহিমোভিচ না খেললেও লিলের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।
লিগ ওয়ানে লিলের মাঠে শুক্রবার প্রথমার্ধে বড় একটা ধাক্কা খায় পিএসজি। ২৮তম মিনিটে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আদ্রিয়াঁ রাবিও। ম্যাচের বাকিটা সময় দশ জন নিয়ে খেলা পিএসজিকে ৫৭তম মিনিটে জয় এনে দেওয়া গোলটি করেন ব্রাজিলের লুকাস মউরা।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া এ ম্যাচে খেলেননি। এছাড়া হাঁটুর চোটের কারণে দলের বাইরে ছিলেন সুইডেনের তারকা ফরোয়ার্ড ইব্রাহিমোভিচও।
