২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিকে নিয়ে অনেক স্বপ্ন দি মারিয়ার

ম্যানচেস্টার ইউনাইটেড বা পিএসজি; কোনো ক্লাবই আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। তবে ইউনাইটেড ছেড়ে আনহেল দি মারিয়ার পিএসজিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিতই বলা চলে। ফরাসি ক্লাবটিতে যাওয়ার বিষয় নিয়ে নিজের আনন্দ আর লক্ষ্যের কথাও এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 06:54 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরেই কোয়ার্টার-ফাইনালে উঠেছিল পিএসজি। কিন্তু একবারও শেষ চারে উঠতে পারেনি তারা। এবার পিএসজিকে শেষ আটের বাধা পার করাতে চান দি মারিয়া।
 
পিএসজিতে যোগ দেওয়ার প্রসঙ্গে দি মারিয়া কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের স্পোর্টস চ্যানেলকে বলেন, "পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে আমি খুব খুশি।"
 
এরপর দি মারিয়া যোগ করেন, "এই লক্ষ্যে ক্লাবকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা আমি করব এবং দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলব।" 
 

ব্রিটিশ গণমাধ্যমের খবর মতে, ইংল্যান্ডের ক্লাব ইউনাইটেড থেকে দি মারিয়াকে কিনতে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানাধীন পিএসজির খরচ হচ্ছে ৬ কোটি ৩০ লাখ ইউরো। নতুন ঠিকানায় যোগ দিতে গত মঙ্গলবার কাতারে দি মারিয়ার মেডিকেল পরীক্ষা হয়েছে বলে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়। গত বছরের অগাস্টে রিয়াল মাদ্রিদ থেকে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ইউনাইটেডে যোগ দেন দি মারিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে শুরুটা দুর্দান্ত করেছিলেন তিনি, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। গত অক্টোবরের পর ইউনাইটেডের হয়ে লিগে কোনো গোলই করতে পারেননি দি মারিয়া। আর গত মার্চে এফএ কাপে আর্সেনালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর ওই মৌসুমে ইউনাইটেডের শেষ ১০ ম্যাচের মাত্র একটিতে প্রথম একাদশে জায়গা পান তিনি।