শিরোপা দৌড় থেকে ছিটকে গেল আবাহনী
মুক্তিযোদ্ধার কাছে হেরে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে আবাহনী লিমিটেড।
দ্বিতীয় পর্বের এই ম্যাচে লিগের চারবারের চ্যাম্পিয়ন আবাহনীর হারটি ১-০ গোলে। প্রথম পর্বেও মুক্তিযোদ্ধার কাছে একই ব্যবধানে হেরেছিল আবাহনী।
লিগে আবাহনীর এটি চতুর্থ হার। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। সপ্তম জয়ের পর ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার কাছে না হারলে আবাহনীর শিরোপা জেতা যে খুব সহজ ছিল, তা নয়। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব টানা হোঁচট খেলে আর আবাহনী জয়রথে থাকলেই কেবল মিলতে পারত সেই সমীকরণ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার মুক্তিযোদ্ধা-আবাহনীর প্রথমার্ধের খেলায় ছিল না আক্রমণের ঝাঁঝ। তবে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে উত্তেজনা ফেরে।
৬০তম মিনিটে মুক্তিযোদ্ধার দারুণ একটি আক্রমণ রুখতে গিয়ে হাসানুজ্জামান কায়েসকে বক্সের মধ্যে ফেলে দেন আতিকুর রহমান ফাহাদ। এর ফলে পাওয়া পেনাল্টির সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড এনামুল হকের।
ম্যাচের বাকিটা সময় আবাহনী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মুক্তিযোদ্ধার রক্ষণভাগে আটকে যায় তাদের সব আক্রমণ। ফলে এনামুলের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে শেখ জামাল। এ ম্যাচে জিতলে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা নিশ্চিত করবে জোসেফ আফুসির দল।
