২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ মিনিট পর মনে হয়েছে ‘এবার শিরোপা আমাদেরই’

দ্বিতীয়ার্ধে নেপাল ব্যবধান কমালেও দলের আত্মবিশ্বাসে টান পড়েনি বলে জানালেন অধিনায়ক সাবিনা খাতুন।

৯০ মিনিট পর মনে হয়েছে ‘এবার শিরোপা আমাদেরই’

সাফ শিরোপাজয়ী অধিনায়ক সাবিন খাতুন। ছবি: বাফুফে

কাঠমান্ডু থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 09:44 PM

Updated : 19 Sep 2022, 09:44 PM

ম্যাচের তখন ৭০ মিনিট, অনিতা বাসনেতের গোলে স্কোরলাইন ২-১ করে নিল নেপাল। সমর্থকদের চিৎকারে গর্জে উঠল দশরথের গ্যালারি। পরে আবার গোল করে ব্যবধান দুই গোলে নিয়ে গেল বাংলাদেশ। সে সময় অনেকে তাদের হাতেই শিরোপা দেখতে থাকেন। তবে অধিনায়ক সাবিনা খাতুন জানালেন, ৯০ মিনিটের খেলা শেষের পরই কেবল তার মনে হতে থাকে, শিরোপাই এবার তাদের হাতেই উঠবে। 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার জমজমাট ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। জোড়া গোলের আলো ছড়িয়েছেন কৃষ্ণা রানী সরকার। অন্য গোলটি করেছেন শামসুন্নাহার জুনিয়র। 

মাঠ, সমর্থক সবই ছিল নেপালের পক্ষে। শুরুতে পিছিয়ে পড়া দলকে সারাক্ষণ অনুপ্রেরণা জোগাতে থাকেন সমর্থকরা। ঘুরে দাঁড়ানোর গোলও পায় স্বাগতিকরা। কিন্তু সাবিনা জানান, নেপালের সেই গোলের মোটেই ভড়কে যাননি তারা। 

“এক গোল যখন আমরা খেয়েছি, তখন মনে হয়েছে লড়াই হবে। এত হাই ভোল্টেজ ম্যাচ, দুই দিকেই আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে , মনে হচ্ছিল যেকোনো কিছু ঘটতেই পারে। কোচও আগেই বলে দিয়েছিলেন, ম্যাচে এরকম ঘটনা ঘটেই। এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু ম্যাচ থেকে হারানো যাবে না। যখন নব্বই মিনিট শেষ, ৪ মিনিট অতিরিক্ত সময় দিয়েছে, তখন মনে হয়েছে, না…এবার হয়েই যাচ্ছে।”