‘একপেশে ম্যাচ হবে না’, বাংলাদেশকে ভুটান অধিনায়কের বার্তা
টানা তিন জয় পাওয়া বাংলাদেশকে প্রশংসা করতে ভোলেননি ভুটান অধিনায়ক পেমা চোডেন তিসেরাং।
ভুটানের প্রস্তুতি শেষ হতে বাংলাদেশ দল ঢুকল আর্মড পুলিশ ফোর্স স্টেডিয়ামে। দেখা হয়ে গেল দুই অধিনায়ক সাবিনা খাতুন ও পেমা চোডেন তিসেরাং। হাসিমুখে হাত মেলালেন দুজনে, শুভকামনা বিনিময়ও হলো। সম্প্রীতির এই সুর একটু আগে ছিল না তিসেরাংয়ের কণ্ঠে। সংবাদকর্মীদের সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ম্যাচ প্রসঙ্গে ভুটান অধিনায়ক কঠিন লড়াইয়ের বার্তা দিলেন।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। স্থানীয় সময় ১টায় শুরু হবে ম্যাচটি। বৃহস্পতিবার আর্মড পুলিশ ফোর্স মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দুই দল। সকালে ভুটান, দুপরে বাংলাদেশ।
তীব্র লড়াইয়ের ঘোষণা দেওয়া ভুটানেন এ পর্যন্ত সাফে পথচলা তেমন আশানুরূপ নয়। ষষ্ঠ আসরে এসে এবারই প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা; শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসাবে সেরা চারে উঠে এসেছে দলটি। এই জয়ের মাঝেই বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে তিসেরাং।
“এই প্রথম সাফে আমরা ম্যাচ জিতেছি, অবশ্যই আমরা ইতিহাস গড়েছি, আমরা এখানে এসেছি ইতিহাস গড়তে। আমরা ভীষণ খুশি এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি দলকে অনেক শক্তি যোগাচ্ছে।”
“জয় অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করছে, কিন্তু আমরা সেটা মাথায় রাখছি না। বড় ব্যবধানের জয় সত্ত্বেও আমরা বিনয়ী আছি এবং আগামীকালের ম্যাচে মনোযোগ দিচ্ছি। কালকের ম্যাচটা কঠিন হবে।”
দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসরে এর আগে বাংলাদেশের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা মোটেও সুখকর নয় ভুটানের জন্য। সাবিনা-কৃষ্ণাদের বিপক্ষে খেলা তিন ম্যাচের সবগুলোতেই হার তাদের। ১২ গোল হজম করে কখনও বাংলাদেশের জালের নাগাল পায়নি তারা।
এবার অনেক কিছুর নাগালই অবশ্য পাচ্ছে ভুটান। কেবল প্রথম জয়ই নয়, এই প্রথম সাফে কোনো ম্যাচে ৫ গোল করল তারা। প্রথমবারের মতো সেমি-ফাইনালও খেলছে দলটি। তিসেরাং তাই বাংলাদেশকে সমীহ করলেও প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়ে রাখলেন ঠিকই।
“বাংলাদেশ খুবই শক্তিশালী দল, খুবই গতিময়, বলে তাদের খেলোয়াড়দের ছোঁয়া আসলেই ভালো, তাদের দলের রসায়নটাও ভালো। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি, সেটা হচ্ছে, তাদের সঙ্গে কঠিন লড়াই করা। আশা করি, এটা একপেশে ম্যাচ হবে না।”
