২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোট থেকে রদ্রি একটু বেশি দ্রুতই ফিরেছে’, মনে করেন গুয়ার্দিওলা

এই স্প্যানিশ মিডফিল্ডারকে ম্যানচেস্টার সিটিতেই আরও লম্বা সময়ে দেখতে চান দলটির কোচ।

‘চোট থেকে রদ্রি একটু বেশি দ্রুতই ফিরেছে’, মনে করেন গুয়ার্দিওলা
নিকো গন্সালেসের জায়গায় মাঠে নামছেন ম‍্যানচেস্টার সিটির স্প‍্যানিশ মিডফিল্ডার রদ্রি। ছবি: রয়টার্স

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 04:09 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

হ্যামস্ট্রিংয়ের চোটে মৌসুমের লম্বা একটা সময় বাইরে থাকার পর মাঠে ফেরা রদ্রি এখনও ফিরে পাননি নিজের সেরাটা। পেপ গুয়ার্দিওলাও মনে করেন, প্রত্যাশার চেয়ে বেশি আগেই ফিরেছেন রদ্রি। তবে ম্যানচেস্টার সিটি কোচের বিশ্বাস, নিজের সেরা ছন্দ ফিরে পাওয়ার পথেই আছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

২০২৪ সালের সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান রদ্রি, ওই বছরই ব্যালন দ’র জেতেন তিনি। চোট কাটিয়ে গত মে মাসে ফেরার পর সেরা পর্যায়ে ফিরতে, মাঠে আগের প্রভাব রাখতে সংগ্রাম করতে হচ্ছে তাকে। হ্যামস্ট্রিংয়ের চোট এ মৌসুমেও অনেকটা সময় খেলতে পারেননি রদ্রি।

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শনিবারের সিটির হয়ে লিগ ম্যাচে রদ্রি খেলতে পারবেন কিনা, তা নিশ্চিত নয় এখনও। এ মাসের শুরুতে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচের পর রেফারিকে খোঁচা দিয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের শাস্তির মুখে আছেন তিনি। তবে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে মুগ্ধতা, সিটিতে তার প্রয়োজনীয়তা আবারও জানিয়ে রাখলেন গুয়ার্দিওলা।

“রদ্রি খুব দ্রুতই ফিরেছে। আমাদের চাওয়া ছিল তাকে ফিরে পাওয়া, বিশেষ করে তাকে। আগেভাগেই সে ফিরেছে, একারণে (ছন্দে ফেরার পথ) এটা ছিল দীর্ঘ। এটা ভালো একটা শিক্ষা।”

“মানুষের শরীরের রিকভারির জন্য একটা সময়সীমা থাকে। কিছু খেলোয়াড় দ্রুত রিকভারি করতে পারে, যেমন বের্নার্দ (সিলভা) বা ফিল (ফোডেন) এবং অন্যদের আরও বেশি সময় লাগে। এখনও সেরা পর্যায়ে ফেরেনি রদ্রি, কিন্তু প্রতিটি মুহূর্তে তার মুড, অনুশীলন এবং খেলার উন্নতি হচ্ছে। সে বিশেষ একজন খেলোয়াড়।”

পরবর্তী গ্রীষ্মে রদ্রির চুক্তি শেষ হবে। মাঝমাঠে তাকে আরও লম্বা সময় পাওয়ার আগ্রহ এখনই জানিয়ে রাখলেন গুয়ার্দিওলা। 

“রদ্রি রদ্রিই। তার বয়স যত বাড়বে, সে আরও জ্ঞানী, খেলাটির আরও বেশি সমঝদার হয়ে উঠবে।” 

“কিছু খেলোয়াড় আছে, যারা বড় মঞ্চের জন্য, কঠিন সময়ের (আস্থার) জন্য এবং রদ্রি তাদের মধ্যে একজন। যেমন বের্নি, রুবেন (দিয়াস), এমন অনেককেই অতীতে আমি পেয়েছি। যদি আপনার বিশাল ব্যক্তিত্ব না থাকে, তাহলে যেটা অর্জন করতে চান, সেটা আপনি পারবেন না।”