২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের মাঠে জিতেও নির্ভার থাকতে পারছেন না পিএসজি কোচ

ঘরের মাঠে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের আগে ইংলিশ ক্লাবটিকে নিয়ে বাড়তি সতর্ক লুইস এনরিকে।

আর্সেনালের মাঠে জিতেও নির্ভার থাকতে পারছেন না পিএসজি কোচ
পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 03:13 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

লন্ডনে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে আছে পিএসজি। সেমি-ফাইনালের পরের লেগ আবার ফরাসি ক্লাবটির ঘরের মাঠে। পরিস্থিতি অনুকূলে থাকলেও মাটিতেই পা রাখছেন লুইস এনরিকে। ইংলিশ ক্লাবটিকে নিয়ে কোনোভাবেই নির্ভার থাকার সুযোগ দেখছেন না পিএসজি কোচ।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার শেষ চারের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের দারুণ ফিনিশিংয়ে করা গোলটি শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।

ম্যাচের প্রথম ২৫ মিনিট দাপট দেখায় পিএসজিই। পরে নিজেদের গুছিয়ে সফরকারীদের রক্ষণে হানা দিতে থাকতে আর্সেনাল। কয়েকটি দারুণ সুযোগও তৈরি করে তারা। একবার জালে বল পাঠালেও অফসাইডের জন‍্য গোল মেলেনি।

স্বাগতিকদের প্রবল চাপেও ভেঙে পড়েনি পিএসজির রক্ষণ। এদিন তাদের গোলকিপার জানলুইজি দোন্নারুম্মাও ছিলেন দুর্দান্ত। বীরোচিত পারফরম্যান্সে দলকে কয়েক দফায় রক্ষা করেন এই ইতালিয়ান।

সব মিলিয়ে, ম্যাচে দলগতভাবে যেভাবে নিজেদের রক্ষণ সামলেছে পিএসজি, এর জন্য দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এনরিকে।

“ব্যক্তিগত ও দলগতভাবে আমরা দারুণ খেলেছি। রক্ষণ সামলাতে আমাদের আক্রমণভাগের খেলোয়াড়রাও কঠোর পরিশ্রম করেছিল, মিডফিল্ডাররা এগিয়ে গিয়েছিল এবং প্রয়োজনের সময় সবাই রক্ষণে ফিরে এসেছিল। এটা ছাড়া আর্সেনালের মতো দলের বিপক্ষে খেলতে পারবেন না।”

আর্সেনালের মতো পিএসজিও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার খোঁজে আছে। এখন পর্যন্ত একবার প্রতিযোগিতাটির ফাইনালে খেলেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ২০১৯-২০ মৌসুমের সেই ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে হৃদয় ভাঙে তাদের।

গত আসরেও সেমি-ফাইনাল খেলেছিল পিএসজি। সেবার দুই লেগেই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তারা। এবার প্রথম ধাপটা জয় দিয়ে শেষ করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার কথা তাদের।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব থেকেই ছিটকে পড়ার দুয়ারে ছিল পিএসজি। সেখানে তারা আর্সেনালের মাঠে হেরেছিল ২-০ গোলে। সেখান থেকে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ায় দলটি।

প্রাথমিক পর্বে শেষ তিন রাউন্ডে জয়ের পর, নকআউটের প্লে-অফে গুঁড়িয়ে দেয় ব্রেস্তকে। এরপর সেমি-ফাইনালের পথে এনরিকের দল হারায় দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও অ্যাস্টন ভিলাকে।

রেয়াল মাদ্রিদকে দুই লেগেই হারিয়ে শেষ চারে জায়গা করা নেওয়া লন্ডনের ক্লাবটিকে নিয়ে পরের লেগের জন্য বাড়তি সতর্ক এনরিকে।

“আজ সন্ধ্যার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে আমাদের একমাত্র লক্ষ্য ঘরের মাঠে দ্বিতীয় লেগও জেতা।”

“আর্সেনালের বিপক্ষে নির্ভার থাকতে ও আত্মতুষ্টিতে ভুগতে পারি না। তারা এমন একটা দল যারা এক সেকেন্ডে ইতিহাস পুরোপুরি নতুন করে লিখতে পারে এবং আমরা আগের জায়গায় ফিরে যাব। তাদের হারানোর কিছু নেই এবং দ্বিতীয় লেগটা খুব কঠিন হবে।”

দুই দলের ফিরতি লেগ আগামী বুধবার।